২৪ ঘণ্টায় হামের উপসর্গে ১৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪ শতাধিক

হামের প্রকোপে দেশে শিশু মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৩৪ জন শিশু। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ে ঢাকায় সবচেয়ে বেশি ১০ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া রাজশাহীতে একজন, সিলেটে একজন, বরিশালে একজন, ময়মনসিংহে দুইজন এবং রংপুরে একজন শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৪৪২ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। একই সময়ে পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৮৬ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৬৩ হাজার ৮১৩ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৫০ হাজার ৫৫৮ শিশু। তবে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৬ হাজার ২১৪ শিশু।
ভিওডি বাংলা/এমএস







