• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঈদযাত্রায় ৬ দিন বন্ধ ট্রাক-লরি, আরো একগুচ্ছ নির্দেশনা ডিএমপির

নিজস্ব প্রতিবেদক    ২৪ মে ২০২৬, ১২:৪৯ পি.এম.
ছবি : সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এবং কোরবানির পশুর হাটকেন্দ্রিক যানজট নিয়ন্ত্রণে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

এতে বলা হয়, ২৫-২৭ মে এবং ২৯-৩১ মে মোট ছয় দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে।  তবে পশুবাহী যানবাহন, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার ও জ্বালানিবাহী যানবাহন এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

রোববার (২৪ মে) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ উপলক্ষে প্রতিবছরের মতো এবারও বিপুল সংখ্যক মানুষ ঢাকা ছাড়বেন ও রাজধানীতে প্রবেশ করবেন। ঈদের সময় আনুমানিক এক কোটির বেশি মানুষ ঢাকা মহানগর ত্যাগ করেন এবং প্রায় ৩০ লাখ মানুষ ঢাকায় প্রবেশ করেন। এ কারণে ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে নানা উদ্যোগ নিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

এছাড়া রুট পারমিট ছাড়া কোনো বাস চলাচল করতে পারবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। আন্তঃজেলা বাসগুলোকে টার্মিনালের ভেতর থেকে যাত্রী নিয়ে সরাসরি গন্তব্যে যেতে হবে এবং সড়কে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করানো যাবে না।

ডিএমপি আরও জানিয়েছে, ঢাকা মহানগরীতে প্রবেশ ও বের হওয়ার সড়কে কোনো ধরনের যানবাহন পার্কিং করা যাবে না। ফিটনেসবিহীন, যান্ত্রিক ত্রুটিযুক্ত ও কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

ঈদযাত্রা সহজ করতে কয়েকটি সড়কে বিশেষ ট্রাফিক ডাইভারশনও কার্যকর করা হবে। এর মধ্যে উত্তরা আব্দুল্লাহপুর থেকে কামারপাড়া হয়ে ধউর ব্রিজ পর্যন্ত সড়ক ২৫, ২৬ ও ২৭ মে একমুখী করা হবে। এ সময় সড়কটি দিয়ে শুধু ঢাকা থেকে বের হওয়া যানবাহন চলাচল করতে পারবে।

একইভাবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পের এয়ারপোর্ট থেকে গাজীপুরমুখী লেনও ওই তিন দিন শুধু ঢাকামুখী বহির্গামী যান চলাচলের জন্য ব্যবহার করা হবে।

এদিকে পশুর হাটকেন্দ্রিক যানজট ও বিশৃঙ্খলা এড়াতে হাটের নির্ধারিত সীমানার বাইরে পশু কেনাবেচা, লোড-আনলোড ও সড়কে পশুবাহী ট্রাক পার্কিং নিষিদ্ধ করা হয়েছে। পশুর হাটের ইজারাদারদের পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োগ করে ট্রাফিক পুলিশকে সহযোগিতার নির্দেশনাও দেওয়া হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সড়কে যত্রতত্র পশু কোরবানি না করে নির্ধারিত স্থানে কোরবানি করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

যানজট এড়াতে জরুরি প্রয়োজন ছাড়া কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক ব্যবহার না করারও অনুরোধ জানিয়েছে ডিএমপি। এর মধ্যে রয়েছে বনানী থেকে আব্দুল্লাহপুর, যাত্রাবাড়ী থেকে সাইনবোর্ড, শ্যামলী থেকে গাবতলী এবং ফুলবাড়িয়া থেকে বাবুবাজার ব্রিজ পর্যন্ত বিভিন্ন সড়ক।

ভিওডি বাংলা/এমআই/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিটি প্রশাসকের বিদেশ সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী
সিটি প্রশাসকের বিদেশ সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী
গুজব ও মানহানিকর কনটেন্টে কড়াকড়ি, বদলাচ্ছে সাইবার আইন
গুজব ও মানহানিকর কনটেন্টে কড়াকড়ি, বদলাচ্ছে সাইবার আইন
অবহেলা করলে চাকরি হারাতে হবে: ডিএসসিসি প্রশাসক
অবহেলা করলে চাকরি হারাতে হবে: ডিএসসিসি প্রশাসক