প্রতিবন্ধীদের এগিয়ে নিতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: আবদুস সালাম

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, প্রতিবন্ধীদের মধ্যেও অসংখ্য প্রতিভা রয়েছে। তাই সমাজের এই পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসা আমাদের সবার দায়িত্ব।
রোববার (২৪ মে) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে প্রতিবন্ধীদের কল্যাণে “জাতীয় লটারি ২০২৬” উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আজকে যারা প্রতিবন্ধী, তাদের হাত ধরে চলার ব্যবস্থা করে দেওয়া আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। একটি দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেমন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রয়োজন, তেমনি প্রতিবন্ধী ব্যক্তিদেরও সমানভাবে প্রয়োজন রয়েছে।
তিনি আরও বলেন, প্রতিবন্ধীদের যদি যথাযথভাবে দেখভাল করা না হয় এবং তাদের প্রয়োজন অনুযায়ী সুযোগ-সুবিধা নিশ্চিত করা না যায়, তাহলে সেটা তাদের প্রতি অন্যায় হবে। এ সময় তিনি বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির কার্যক্রমের প্রশংসা করে বলেন, সংগঠনটি প্রতিবন্ধীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
আবদুস সালাম বলেন, প্রতিবন্ধীদের মধ্যে অনেক মেধা ও প্রতিভা রয়েছে। তাদের সেই প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে পারলে তারা বিভিন্ন চাকরি, পেশা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, ক্রীড়া ও সৃজনশীল কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।
তিনি বলেন, বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে। কৃষকদের ঋণ মওকুফ, ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারকে সহায়তা প্রদান এবং শ্রমিকবান্ধব বিভিন্ন উদ্যোগ তারই অংশ।
এ সময় তিনি উল্লেখ করেন, ঢাকার হকারদের পুনর্বাসনেও সরকারের উদ্যোগ রয়েছে। “এই সরকার শ্রমিক ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করছে,” বলেন তিনি।
প্রশাসক আবদুস সালাম বলেন, আমরা যারা সুস্থভাবে চলাফেরা করতে পারছি, আমাদের দায়িত্ব হলো প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো। যদি আমরা এই দায়িত্ব পালন না করি, তাহলে আল্লাহর দরবারেও আমাদের জবাবদিহি করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি কর্তৃক ঘোষিত “জাতীয় লটারি ২০২৬”-এ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে বলে তিনি আশা করেন।
তিনি আরও বলেন, এটি শুধু একটি লটারির টিকিট নয়, বরং এই টিকিট ক্রয়ের মাধ্যমে প্রতিবন্ধীদের সহায়তা করা হবে। সবাই যদি অন্তত একটি করে টিকিট ক্রয় করেন, তাহলে সেই অর্থ তাদের কল্যাণে ব্যয় হবে এবং এর মাধ্যমে মানবিক দায়িত্ব পালনের পাশাপাশি আল্লাহর কাছ থেকেও পুরস্কার পাওয়া যেতে পারে।
ভিওডি বাংলা/জা







