৩ জুনের ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু

ঈদুল আজহা শেষে রাজধানীসহ বিভিন্ন গন্তব্যে ফিরতে যাত্রীদের সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে।
রোববার (২৪ মে) সেই ধারাবাহিকতায় বিক্রি করা হচ্ছে আগামী ৩ জুনের ট্রেনযাত্রার টিকিট।
রেলওয়ে সূত্রে জানা গেছে, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলভিত্তিক আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। এছাড়া দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি করা হবে। যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও সব টিকিট অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
ঈদ উপলক্ষে বিশেষ কর্মপরিকল্পনার আওতায় ধাপে ধাপে টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। এর আগে ২১ মে বিক্রি করা হয়েছে ৩১ মে’র যাত্রার টিকিট। ২২ মে বিক্রি হয়েছে ১ জুনের এবং ২৩ মে বিক্রি হয়েছে ২ জুনের ট্রেনের অগ্রিম টিকিট। আগামী ২৫ মে বিক্রি করা হবে ৪ জুনের যাত্রার টিকিট, যা এবারের ফিরতি যাত্রার শেষ ধাপের অগ্রিম টিকিট বিক্রি হিসেবে গণ্য হবে।
রেলওয়ের নির্দেশনা অনুযায়ী, ঈদ উপলক্ষে কেনা এসব অগ্রিম টিকিট ফেরত দেওয়া যাবে না। এছাড়া একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট সংগ্রহ করতে পারবেন। তবে একাধিক আসনের টিকিট কিনতে হলে সহযাত্রীদের নামও টিকিট ক্রয়ের সময় উল্লেখ করতে হবে।
ভিওডি বাংলা/জা







