চার দিনের সফরে চীনে শাহবাজ শরিফ

চার দিনের সরকারি সফরে চীন গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শনিবার (২৩ মে) তিনি দেশটির হাংঝৌ জিয়াওশান আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান ঝেইজিয়াং প্রদেশের ভাইস গভর্নর জু ওয়েংগুং।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় সামাজিক মাধ্যমে জানিয়েছে, এ সময় পাকিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জিয়াং যাইদং এবং বেইজিংয়ে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত খলিল হাশমিও উপস্থিত ছিলেন।
ইসলামাবাদের এক বিবৃতিতে বলা হয়েছে, সফরের অংশ হিসেবে হাংঝৌতে চীনের কমিউনিস্ট পার্টির ঝেইঝিয়াং প্রাদেশিক কমিটির সেক্রেটারি ওয়াং হাওয়ের সঙ্গে বৈঠক করেন শাহবাজ শরিফ। বৈঠকে তার উপস্থিতিতে দুটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়।
এর মধ্যে চীনের ঝেইঝিয়াং প্রদেশ ও পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মধ্যে ‘সিস্টার প্রভিন্স’ সম্পর্ক স্থাপনে একটি সমঝোতা স্মারক (এমওইউ) অন্তর্ভুক্ত রয়েছে।
বিবৃতিতে বলা হয়, এই সমঝোতার মাধ্যমে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, শিক্ষা, সংস্কৃতি, পর্যটন এবং জনগণের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ইসলামাবাদ ও বেইজিংয়ের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৭৫তম বার্ষিকীর প্রসঙ্গ তুলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, দুই দেশ এখন বাস্তবমুখী, জনমুখী ও উন্নয়নভিত্তিক সহযোগিতার নতুন যুগে প্রবেশ করছে।
সফরের অংশ হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী চীনের শীর্ষস্থানীয় বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি তিনি আলিবাবা গ্রুপের সদর দপ্তরও পরিদর্শন করবেন।
ভিওডি বাংলা/আ







