বিশ্বম্ভরপুরে ৪২ বোতল মদসহ একজন গ্রেপ্তার

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪২ বোতল বিদেশি মদসহ রতন মিয়া (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। রতন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বাসিন্দা।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। রোববার (১৭ মে) রাতের এ অভিযানে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
র্যাব জানায়, সুনামগঞ্জের একটি আভিযানিক দল গত রোববার (১৭ মে) রাত সাড়ে ৮টার দিকে বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের ধনপুর বাজার এলাকায় অবস্থানকালে জানতে পারে, লক্ষীরপাড় এলাকার একটি ইটের সোলিং রাস্তার ওপর কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে।
পরে র্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি মোটরসাইকেলযোগে পালানোর চেষ্টা করেন। তবে তাৎক্ষণিক ধাওয়া দিয়ে তাকে আটক করতে সক্ষম হয় আভিযানিক দল।
আটক ব্যক্তির দেওয়া তথ্যমতে, হেফাজতে থাকা একটি খাকি রঙের কাগজের কার্টুন তল্লাশি করে ৪২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
রতন র্যাবকে জানান, সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন। তার বিরুদ্ধে মাদক মামলা দায়েরের পর জব্দকৃত আলামত বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
ভিওডি বাংলা/এসআর







