সেভর এক্সপোতে স্যামসাংয়ের সিস্টেম এসি সলিউশন প্রদর্শন

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে অনুষ্ঠিত ‘সেইফ এইচভিএসিআর অ্যান্ড কোল্ড চেইন’ শীর্ষক সেভর এক্সপোতে নিজেদের অত্যাধুনিক বাণিজ্যিক শীতাতপ নিয়ন্ত্রণ প্রযুক্তি প্রদর্শন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং। ১৪ থেকে ১৬ মে পর্যন্ত অনুষ্ঠিত এই আয়োজনে প্রতিষ্ঠানটি সাইনটেক টেকনোলজির সঙ্গে অংশীদারিত্বে অংশ নেয়।
প্রদর্শনীটি মূলত হিটিং, ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং (এইচভিএসি) খাতের আধুনিক প্রযুক্তি, কোল্ড চেইন ব্যবস্থাপনা এবং জ্বালানি-সাশ্রয়ী সমাধান নিয়ে কাজ করা শিল্প সংশ্লিষ্টদের জন্য একটি গুরুত্বপূর্ণ মিলনমেলা হিসেবে বিবেচিত হয়। সেখানে স্যামসাং তাদের বাণিজ্যিক পর্যায়ের সিস্টেম এয়ার কন্ডিশনিং সমাধান উপস্থাপন করে, যা উন্নত প্রযুক্তি ও স্মার্ট নিয়ন্ত্রণ ব্যবস্থার সমন্বয়ে তৈরি।
আইসিসিবির ৪ নম্বর হলের ৬৫ ও ৬৮ নম্বর স্টলে স্যামসাং তাদের উচ্চক্ষমতাসম্পন্ন ডিভিএম এস২ (DVM S2) সিস্টেম এয়ার কন্ডিশনিং প্রযুক্তি প্রদর্শন করে। প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী, এই প্রযুক্তি বড় আকারের বাণিজ্যিক ভবন, অফিস স্পেস ও শিল্প স্থাপনার জন্য বিশেষভাবে উপযোগী। এতে রয়েছে উন্নত শক্তি দক্ষতা, নিরবচ্ছিন্ন শীতলীকরণ সুবিধা এবং ডিজিটাল স্মার্ট কন্ট্রোল সিস্টেম, যা ব্যবহারকারীদের জন্য আরও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করে।
প্রদর্শনী চলাকালে প্রযুক্তি খাতের বিভিন্ন অংশীজন, রিয়েল এস্টেট ডেভেলপার এবং ব্যবসায়িক প্রতিনিধি স্টলগুলো পরিদর্শন করেন এবং নতুন প্রযুক্তি সম্পর্কে ধারণা নেন। স্যামসাংয়ের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের আয়োজন তাদেরকে সরাসরি গ্রাহক ও শিল্পসংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি করে, পাশাপাশি বাংলাদেশে আধুনিক ও পরিবেশবান্ধব শীতাতপ নিয়ন্ত্রণ প্রযুক্তির প্রসারে ভূমিকা রাখে।
অনুষ্ঠানে স্যামসাং বাংলাদেশের সিস্টেম এয়ার কন্ডিশনিং (এসএসি) ব্যবসার ডেপুটি জেনারেল ম্যানেজার শাহিন হোসেন খান উপস্থিত ছিলেন। পাশাপাশি সাইনটেক টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. আল-আমিন এবং চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল অংশ নেন। সরকারি প্রকৌশল দপ্তরের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী শেখর চন্দ্র বিশ্বাস এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খান।
স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জাং মিন জাং বলেন, বাংলাদেশের বাণিজ্যিক খাতে স্মার্ট ও বিদ্যুৎ-সাশ্রয়ী কুলিং সলিউশনের চাহিদা দিন দিন বাড়ছে। এই ধরনের প্রদর্শনী তাদের সর্বাধুনিক প্রযুক্তি তুলে ধরার পাশাপাশি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও টেকসই সমাধানের দিকে এগিয়ে যেতে সহায়তা করে।
অন্যদিকে সাইনটেক টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক মো. আল-আমিন বলেন, স্যামসাংয়ের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে তারা দেশের বাজারে উন্নত এইচভিএসি সমাধান পৌঁছে দিতে সক্ষম হচ্ছেন। সেভর এক্সপোর মতো প্ল্যাটফর্ম শিল্প খাতের বিভিন্ন অংশীজনদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং গ্রাহকদের পরিবর্তিত চাহিদা বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ভিওডি বাংলা/জা







