• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১১ কিলোমিটার যানজট, যাত্রীদের দুর্ভোগ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি    ১৫ মে ২০২৬, ০৭:০৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। প্রায় ১১ কিলোমিটার এলাকাজুড়ে এই যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন দূরপাল্লার যাত্রী ও চালকরা। মূলত কুমিল্লার দাউদকান্দি এলাকায় একটি সড়ক দুর্ঘটনার প্রভাবেই সোনারগাঁ অংশে এই যানজট সৃষ্টি হয়।

শুক্রবার (১৫ মে) সকালে সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে মেঘনা টোলপ্লাজা থেকে শুরু হওয়া যানজট মদনপুর বাসস্ট্যান্ড ছাড়িয়ে গেছে। ঘণ্টার পর ঘণ্টা যানবাহনগুলো একই স্থানে স্থির দাঁড়িয়ে থাকায় স্থবির হয়ে পড়ে পুরো মহাসড়ক। দীর্ঘ অপেক্ষায় অতিষ্ঠ হয়ে অনেক যাত্রীকে বিশেষ করে নারী ও শিশুদের গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে রওনা হতে দেখা গেছে।

মোগরাপাড়া এলাকার বাসিন্দা সুজন মিয়া বলেন, সকাল থেকেই মহাসড়কে তীব্র যানজট। ঘণ্টার পর ঘণ্টা অনেক গাড়ি একই স্থানে দাঁড়িয়ে আছে। এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে কুমিল্লাগামী যাত্রী সিমা আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, মোগরাপাড়া এলাকায় এসে দুই ঘণ্টার বেশি সময় ধরে জ্যামে আটকে আছি। কখন পৌঁছাতে পারব, বুঝতে পারছি না।

একই ভোগান্তির কথা জানান টঙ্গী থেকে মাল নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হওয়া ট্রাকচালক আব্দুর রহিম। মোগরাপাড়া এলাকায় এক ঘণ্টারও বেশি সময় ধরে আটকে আছেন বলে জানান তিনি।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গত গভীর রাতে কুমিল্লার দাউদকান্দি এলাকায় একটি বড় সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত যান সরাতে সময় লাগায় মহাসড়কের এই অংশে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয় এবং এর চেইন রিঅ্যাকশন বা প্রভাব এসে পড়ে সোনারগাঁ অংশে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দাউদকান্দির দুর্ঘটনার কারণেই যান চলাচলে বিঘ্ন ঘটেছিল। দুর্ঘটনাকবলিত যানবাহন ইতিমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। তবে দীর্ঘ সময় সড়কে আটকে থাকায় কিছু চালক গাড়ির ভেতরেই ঘুমিয়ে পড়েছিলেন, যার কারণে জ্যাম কিছুটা দীর্ঘায়িত হয়েছে। আমরা চালকদের গাড়ি সচল করার নির্দেশ দিচ্ছি। খুব দ্রুতই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
পাবনায় ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
ছবি: সংগৃহীত
উখিয়ায় ৬০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক
ছবি: সংগৃহীত
আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, শপথ নিতে পারবেন না