• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ডিএসসিসি প্রশাসক

‘সবুজ ঢাকা গড়তে সরকার ও দলীয় নেতাকর্মীরা একসঙ্গে কাজ করছে’

নিজস্ব প্রতিবেদক    ১৫ মে ২০২৬, ০৬:০৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম বলেছেন, রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরীতে রূপান্তর করতে সরকার ও দলীয় নেতাকর্মীরা সমন্বিতভাবে কাজ করছে।

পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ কর্মসূচি এবং ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের মাধ্যমে নগরবাসীর জন্য একটি বাসযোগ্য শহর গড়ে তোলাই বর্তমান সরকারের লক্ষ্য বলেও জানান তিনি।

শুক্রবার (১৫ মে) রাজধানীর বঙ্গবাজার সরকারি কর্মচারী হাসপাতাল সংলগ্ন মোড়ে শাহবাগ থানা বিএনপির উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি শেষে তিনি এসব কথা বলেন।

আব্দুস সালাম বলেন, এ কর্মসূচি রাজধানীকে “গ্রিন সিটি, ক্লিন সিটি” হিসেবে গড়ে তোলার বৃহৎ পরিকল্পনার অংশ। দলের নেতাকর্মীরা যেমন পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিচ্ছেন, তেমনি শহরকে সবুজে আচ্ছাদিত করতেও কাজ করছেন।

আগামী পাঁচ বছরে অন্তত ৩০ লাখ গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

বর্ষাকালকে সামনে রেখে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপির ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রী দল, ওলামা দল ও মহিলা দল সম্মিলিতভাবে নগর পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করবে। একই সঙ্গে নগরবাসীকেও নিজ নিজ এলাকা পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি।

রাজনৈতিক প্রসঙ্গ টেনে আব্দুস সালাম বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর জনগণের ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করেছে। তবে বিরোধী দল বিভিন্ন ইস্যু সৃষ্টি করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।

ডিএসসিসি প্রশাসক বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যেও সরকার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে দুর্নীতি ও লুটপাট বন্ধের মাধ্যমে উন্নয়ন এগিয়ে নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, অল্প সময়ের মধ্যেই সরকার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম শুরু করেছে। এতে বিরোধীরা রাজনৈতিকভাবে চাপে পড়ে সরকারকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তবে তারেক রহমান তার প্রতিশ্রুতিতে অটুট থেকে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

ঈদুল আজহা উপলক্ষে পশুর হাট ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন ডিএসসিসি প্রশাসক। তিনি জানান, নগর ভবনে একটি কেন্দ্রীয় কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। এছাড়া প্রতিটি পশুর হাটেও কন্ট্রোল রুম থাকবে, যাতে ক্রেতা-বিক্রেতাদের ভোগান্তি কমে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা যায়।

তিনি বলেন, কোনো মহাসড়ক বা প্রধান সড়কে পশুর হাট বসতে দেওয়া হবে না। শুধুমাত্র নির্ধারিত স্থানেই হাট পরিচালিত হবে। কোথাও কোথাও ছোট সড়কে সাময়িক প্রভাব পড়তে পারে, তবে প্রধান সড়ক বন্ধ করে কোনো হাট বসানো হবে না।

১১টি পশুর হাট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুস সালাম বলেন, এখনো কাউকে আনুষ্ঠানিকভাবে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়নি। তবে কিছু জায়গায় আগেভাগে অবকাঠামো নির্মাণের খবর প্রশাসনের নজরে এসেছে। এ ধরনের কার্যক্রম বন্ধে সংশ্লিষ্টদের সতর্ক করা হবে এবং প্রয়োজন হলে পুলিশ ব্যবস্থা নেবে।

তিনি জানান, আগামী রবিবার থেকে আনুষ্ঠানিকভাবে ওয়ার্ক অর্ডার দেওয়া হবে। এর আগে কেউ কোনো কার্যক্রম পরিচালনা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ফুটপাত ও সড়ক ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, ফুটপাত মানুষের হাঁটার জন্য এবং রাস্তা যানবাহন চলাচলের জন্য। তাই কোনো ধরনের অবৈধ দখল বা প্রতিবন্ধকতা সহ্য করা হবে না।

তিনি দলীয় নেতাকর্মী ও নগরবাসীর সহযোগিতা কামনা করে বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং ঢাকাকে আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে পরিণত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ভিওডি বাংলা/খতিব/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঐক্যবদ্ধভাবে কাজ করলে ঢাকা দক্ষিণ হবে ‘নাম্বার ওয়ান’ : আবদুস সালাম
ঐক্যবদ্ধভাবে কাজ করলে ঢাকা দক্ষিণ হবে ‘নাম্বার ওয়ান’ : আবদুস সালাম
ডিএমপি কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম
ডিএমপি কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুড্ডিস্ট কালচারাল ফেস্ট অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুড্ডিস্ট কালচারাল ফেস্ট অনুষ্ঠিত