• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলাকে গুরুত্ব দেওয়ার আহ্বান মন্ত্রীর

সিরাজগঞ্জ প্রতিনিধি    ১৫ মে ২০২৬, ০৫:৫৬ পি.এম.
সিরাজগঞ্জ স্টেডিয়ামে প্রাথমিক গোল্ডকাপে বক্তব্য দেন মন্ত্রী টুকু। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জে মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাকে নিয়মিত জীবনের অংশ করার ওপর গুরুত্বারোপ করেছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

শুক্রবার (১৫ মে) সকালে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। বর্তমান সময়ে মাদকের ঝুঁকি বাড়ছে উল্লেখ করে তিনি অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে বলেন, সন্তানদের শুধু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রতিদিন অন্তত দুই ঘণ্টা খেলাধুলার সুযোগ দিতে হবে। এতে তারা শারীরিকভাবে সুস্থ থাকবে এবং নৈতিকভাবেও দৃঢ় হবে।

তিনি আরও বলেন, শহরাঞ্চলে অনেক আবাসিক ভবন তৈরি হলেও শিশুদের খেলাধুলার জন্য পর্যাপ্ত খোলা জায়গা নেই। ফলে অনেক শিশু ঘরবন্দি জীবনযাপন করছে, যা তাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এ অবস্থায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত খেলাধুলার পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।

মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, “একটি প্রজন্ম ইতোমধ্যে মাদকের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন সময় এসেছে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার। অভিভাবক, শিক্ষক এবং সমাজের সকল স্তরের মানুষকে একসঙ্গে কাজ করে শিশুদের সঠিক পথে পরিচালিত করতে হবে। খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ, সুন্দর ও সম্ভাবনাময় প্রজন্ম গড়ে তোলা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিরাজগঞ্জ সদর সার্কেল নাজরান রউফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজারহাটে খোলা স্থানে পশু জবাই, মানা হচ্ছে না নিয়ম-নীতি
রাজারহাটে খোলা স্থানে পশু জবাই, মানা হচ্ছে না নিয়ম-নীতি
এতিম রায়হান-রোহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
এতিম রায়হান-রোহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
গলাচিপায় মা-ছেলেসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
গলাচিপায় মা-ছেলেসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার