জামায়াত এখন ক্ষমতার প্রতিদ্বন্দ্বী: শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একসময় কেউ জামায়াতে ইসলামীকে ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবত না, তবে এখন অনেকেই দলটিকে সে অবস্থানে দেখছেন। এজন্য নেতাকর্মীদের আরও সতর্কভাবে চলার আহ্বান জানান তিনি।
শুক্রবার (১৫ মে) রংপুর মডেল কলেজ মিলনায়তনে রংপুর-দিনাজপুর অঞ্চলের জেলা, উপজেলা ও থানা আমির সম্মেলনে বক্তব্য দেন তিনি।
জামায়াত আমির বলেন, দলের নেতাকর্মীদের প্রতি জনগণ ও আল্লাহ—উভয়ের নজর রয়েছে। তাই লেনদেন, আচার-আচরণ ও রাজনৈতিক কর্মকাণ্ডে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে হবে।
তিনি বলেন, জনগণের আস্থা অর্জন করতে পারলে দেশ, জাতি ও দ্বীনের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। সেই লক্ষ্যেই সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
ডা. শফিকুর রহমান আরও বলেন, বর্তমানে জামায়াতকে ক্ষমতার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে। ফলে দলের প্রতিটি কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
সম্মেলনে দলের কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতারা উপস্থিত ছিলেন। এর আগে সকালে এক দিনের সফরে রংপুরে পৌঁছে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন জামায়াত আমির।
ভিওডি বাংলা/আ







