ফতুল্লায় নিজ কার্যালয়ে ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় নাছির (৬০) নামে এক ডিশ ও ক্যাবল ব্যবসায়ীকে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরেই ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১টার দিকে ফতুল্লার চানমারী মাউড়াপট্টি এলাকার ‘ফ্রেন্ডস ক্যাবল’ অফিসে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত নাছির চানমারী মাউড়াপট্টি এলাকার মৃত সাইজ্জদিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় ডিশ ও ইন্টারনেটের ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো নাছির তার ব্যবসায়িক কার্যালয়ে অবস্থান করছিলেন। দুপুর ১টার দিকে হঠাৎ অফিস থেকে তার আর্তচিৎকার শুনে আশপাশের লোকজন ও ব্যবসায়ীরা এগিয়ে আসেন। সেখানে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী অটোরিকশাচালক আলাউদ্দিন জানান, তিনি রক্তমাখা ছুরি হাতে কালো পাঞ্জাবি পরিহিত এক যুবককে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে মাইক্রোস্ট্যান্ডের দিকে দৌড়ে পালিয়ে যেতে দেখেছেন।
হত্যাকাণ্ডের খবর পেয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম দ্রুত ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ ঘটনাস্থল তল্লাশি করে পাশের একটি বাড়ির ভেতর থেকে একটি রক্তমাখা কালো হাতলযুক্ত ছুরি ও সেটির কাভার উদ্ধার করেছে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জানান, আমরা হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করেছি। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে খুনিকে শনাক্তের কাজ চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ভিওডি বাংলা/এসআর







