বল্লমঝাড়ের কুলসুম হত্যা মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

গাইবান্ধার সদর উপজেলার বল্লমঝাড় এলাকায় শিশু কুলসুম খাতুন হত্যা মামলার মূল অভিযুক্ত মো. ইব্রাহিম হাসান লিমন শেখকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব-১৩-এর একটি দল।
বৃহস্পতিবার (১৪ মে) র্যাব-১৩ এর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে তাকে গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত কুলসুম খাতুন স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। অভিযুক্ত লিমন শেখ দীর্ঘদিন ধরে তাকে কু-প্রস্তাব দিয়ে আসছিল বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে তাদের মধ্যে একাধিকবার বাকবিতণ্ডাও হয় বলে জানানো হয়।
ঘটনার দিন, গত বছরের ২৪ নভেম্বর, প্রতিবেশীরা কুলসুমকে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশকে খবর দেয়। প্রথমে ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত হলেও পরবর্তীতে ময়নাতদন্ত প্রতিবেদনে হত্যার আলামত পাওয়ার দাবি করা হয়।
এরপর শিশুটির মা রোজিনা বেগম চলতি বছরের ১৩ মে সদর থানায় আনুষ্ঠানিকভাবে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি দায়েরের পরই র্যাব-১৩ ছায়া তদন্ত শুরু করে এবং দ্রুত অভিযানে নামে।
র্যাব জানায়, অভিযুক্তকে ধরতে প্রযুক্তিগত নজরদারি ও তথ্য সংগ্রহের মাধ্যমে অবস্থান নিশ্চিত করা হয়। পরে গাইবান্ধার খামার বল্লমঝাড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারের সময় সে নিজ বাড়িতেই অবস্থান করছিল বলে জানা গেছে।
এ বিষয়ে গাইবান্ধা জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হবে এবং মামলার তদন্ত আরও জোরদার করা হয়েছে। ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলেও তিনি জানান।
র্যাব-১৩ এর পক্ষ থেকে আরও বলা হয়, শিশু, নারী ও দুর্বল জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত যেকোনো অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের আইনের আওতায় আনতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে বলে তারা আশাবাদ ব্যক্ত করে।
ভিওডি বাংলা/জা







