• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

যে শরীরের উপর নিয়ন্ত্রণ নেই, তার জন্য এত অন্যায় কেন?

রিয়াজুল হক    ১৩ মে ২০২৬, ০৮:৫৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স

আমরা প্রতিদিন যা করি, তার অনেকটাই শরীরের সুখের জন্য। একটু ভালো খাবার, একটু আরাম-আয়েশ, একটু প্রশংসা, একটু বিলাস—সবকিছু যেন এই শরীরটাকে খুশি রাখার জন্যই। অথচ যেই শরীরের জন্য এত আয়োজন, এত অনিয়ম, এত অন্যায়—সেই শরীরের ওপর আমাদের আসলে কি কোনো নিয়ন্ত্রণ আছে? এককথায় উত্তর—না, নেই।

একবার ভেবে দেখুন, আমাদের শরীরের উপর যদি সত্যিই নিয়ন্ত্রণ থাকত, তাহলে কে না চাইত চিরযৌবন ধরে রাখতে? কেউ কি চামড়া কুচকে যেতে, মুখে ভাঁজ পড়তে, চুল-দাড়ি সাদা হয়ে যেতে দিতো? কেউই দিতো না। কিন্তু তাই তো ঘটে থাকে। কারণ শরীরের নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই।

এই শরীরের জন্য আমরা অন্যের প্রাপ্য কেড়ে নিই, মিথ্যা বলি, ঘুষ খাই, প্রতারণা করি, অন্যের ক্ষতি করি। আমরা ভেবে নিই, শরীরের সুখই জীবনের সুখ। অথচ এই শরীরই একদিন কবরে যাবে, মাটির নিচে গলে যাবে। তবুও আমরা সেই পঁচা-গলা শরীরকে খুশি রাখার জন্য পাপের পাহাড় গড়ি।

কী অদ্ভুত!

যে শরীরকে আমরা প্রতিদিন সাজাই, সে শরীরকেই একদিন মানুষ এড়িয়ে চলবে। যে মুখটিকে আমরা আয়নায় যত্ন করে দেখি, সেই মুখই একদিন কেউ দেখতে চাবে না। যে শরীরকে আমরা পাপের জ্বালানি বানাই, সেই শরীরই শেষমেশ নিথর হয়ে পড়ে থাকবে।

মহান আল্লাহ মানুষকে দিয়েছেন বিবেক। এই একটিই আমাদের নিয়ন্ত্রণের আসল অস্ত্র। শরীরকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু শরীরের চাওয়া-পাওয়া নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের আছে। এই ক্ষমতাই মানুষকে পশু থেকে আলাদা করে রেখেছে। পশু শরীরের চাহিদার দাস, কিন্তু মানুষ তা নিয়ন্ত্রণ করতে পারে। ক্ষুধা লাগলে সবাই খেতে চায় কিন্তু সবাই অন্যের খাবার ছিনিয়ে নেয় না। রাগ হলে সবাই প্রতিক্রিয়া দেখাতে চায় কিন্তু সবাই আক্রমণ করে না। প্রলোভন এলে সবাই টান অনুভব করে কিন্তু সবাই পাপের পথে এগিয়ে যায় না। এই যে সংযম, এটাই বিবেকের জয়।

শরীরের ক্ষমতা বয়সের সাথে সাথে ক্ষয়ে যায়, কিন্তু আত্মার শক্তি বয়স বাড়ার সাথে আরও পরিপক্ক হয়। একজন বৃদ্ধের হাঁটতে কষ্ট হয়, কিন্তু তার প্রজ্ঞা হয় তরুণদের পথপ্রদর্শক। একজন বৃদ্ধের হাত কাঁপতে থাকে, কিন্তু তাঁর দোয়ার প্রভাব থাকে পাহাড়ের মতো দৃঢ়। এ থেকে বোঝা যায়, আসল শক্তি শরীরে নয়, আত্মায়। শরীর নষ্ট হবে, কিন্তু আত্মা অমর। তাই শরীরের জন্য অন্যায় করে আত্মাকে কলুষিত করা মানে নিজের মূল সত্তাকে ধ্বংস করে ফেলা।

আমরা অনেক সময় বলি, 'আমার শরীর, আমার ইচ্ছা।' কিন্তু মৃত্যু কি আমাদের ইচ্ছায় আসে?বার্ধক্য কি আমাদের অনুমতি নিয়ে আসে? রোগ কি আমাদের পছন্দ দেখে আক্রমণ করে?

উত্তর— অবশ্যই না।

তাহলে কোন শরীরের জন্য আমরা এত অন্যায় করি, এত গর্ব করি? যে শরীরের ওপর নিজেরই নিয়ন্ত্রণ নেই, তার জন্য কেন এত অহংকার, এত অন্যায়, এত লোভ?

আমরা যদি শরীরকে নয়, আত্মাকে বেশি যত্ন করতে পারতাম, তাহলে সমাজটা এমন হতো না। অন্যায়, দুর্নীতি, হিংসা, লোভ, এসবই শরীরের সুখের লালসা থেকে জন্ম নেয়। আর বিবেকের আলো নিভে গেলে মানুষ হয়ে যায় প্রলুব্ধ পশু।

আজকাল মানুষ শরীরের যত্নে ভীষণ ব্যস্ত, যেমন ডায়েট, ফিটনেস, স্কিন কেয়ার, জিম, ফেয়ারনেস ক্রিম ইত্যাদি অনেক কিছু। কিন্তু আত্মার যত্নের উপাদান কোথায়? বিবেকের ব্যায়াম কোথায়? যে মানুষ নিজের শরীরের চাহিদা নিয়ন্ত্রণ করতে পারে, সেই সত্যিকারের স্বাধীন। কারণ সে আর তার শরীরের দাস নয়। যে প্রলোভনে আটকে থাকে, সে আসলে মুক্ত নয়, শুধু নিজের চাহিদার শৃঙ্খলে বন্দী।

শরীরকে সাময়িক আনন্দ দেওয়া সহজ, কিন্তু আত্মাকে স্থায়ী শান্তি দেওয়া অনেক কঠিন। আর সেটাই মানুষের শ্রেষ্ঠত্ব। মহান আল্লাহ আমাদের সেই বিবেক দিয়েছেন, যার মাধ্যমে আমরা চাইলেই শরীরকে অন্যায়ের হাত থেকে বাঁচাতে পারি, আত্মাকে আলোর পথে রাখতে পারি।

সবসময় মনে রাখা দরকার, যে শরীরের সুখের জন্য আমরা এত দৌড়ঝাঁপ করি, সেই শরীরের নিয়ন্ত্রণই আমাদের হাতে নেই। আজ যদি মৃত্যু এসে শরীরের নিঃশ্বাস বন্ধ করে দেয়, আমরা কিছুই করতে পারি না। তাহলে কেন সেই অনিয়ন্ত্রিত শরীরের জন্য অন্যের অধিকার কেড়ে নেই? শরীর মাটিতে মিশে যাবে, কিন্তু আত্মার হিসাব চলবে চিরকাল। তাই শরীরের সুখ নয়, আত্মার শান্তিই হোক জীবনের লক্ষ্য। কারণ‌ সেই শান্তির মেয়াদ চিরস্থায়ী।

লেখক: রিয়াজুল হক, অতিরিক্ত পরিচালক, বাংলাদেশ ব্যাংক।

ভিওডি বাংলা/আ

নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। ভিওডি বাংলা সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, ভিওডি বাংলা কর্তৃপক্ষের নয়।

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাধীনতার চেতনাকে মুছে যেতে দেবো না
স্বাধীনতার চেতনাকে মুছে যেতে দেবো না
আমাদের সম্পাদক একজন মুক্তিযোদ্ধা, আমরা গর্বিত
আমাদের সম্পাদক একজন মুক্তিযোদ্ধা, আমরা গর্বিত
সত্যিই ভিওডি বাংলা-পথ দেখে, পথ দেখায়
সত্যিই ভিওডি বাংলা-পথ দেখে, পথ দেখায়