পুলিশে চেইন অব কমান্ড ভাঙলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বাহিনীতে চেইন অব কমান্ড ভাঙলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত ‘পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনামূলক ভাষণ’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
সোমবার (১১ মে) পুলিশ সপ্তাহ উপলক্ষে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্যকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, বর্তমান সরকার পুলিশ বাহিনীতে কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেবে না। বাহিনীর কোনো সদস্য শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশের অপারেশনাল কার্যক্রম, ট্রাফিক ব্যবস্থাপনা ও অন্যান্য কাজে স্বচ্ছতা নিশ্চিত করতে বডি ওর্ন ক্যামেরার ব্যবহার বাড়ানো হবে। বর্তমানে কিছু ক্যামেরা ব্যবহৃত হলেও ভবিষ্যতে সব পর্যায়ে এসব ক্যামেরা ব্যবহারের মাধ্যমে তদন্ত ও অভিযানসহ বিভিন্ন কার্যক্রম রেকর্ডে রাখার ব্যবস্থা নেওয়া হবে।
দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, বাহিনীর শৃঙ্খলার সঙ্গে কোনো আপস করা হবে না। পুলিশের প্রতিটি পদক্ষেপ যেন বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
চেইন অব কমান্ড ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, যারা বাহিনীর শৃঙ্খলা ভাঙার চেষ্টা করবেন, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী ন্যূনতম বলপ্রয়োগ বিষয়ে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মানবাধিকার এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অপরাধ দমন, তদন্ত ও প্রসিকিউশন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে মানবাধিকার সমুন্নত রেখে কৌশলগতভাবে দায়িত্ব পালন করতে হবে।
ভিওডি বাংলা/আ







