মিরপুর থানার হত্যাচেষ্টা মামলা
ব্যারিস্টার সুমনের জামিন বহাল রাখলেন আপিল বিভাগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুর থানায় দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে এ সংক্রান্ত রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (১১ মে) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে ব্যারিস্টার সুমনের পক্ষে জামিন আবেদনের শুনানি করেন আইনজীবী এম লিটন আহমেদ।
এর আগে, ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের কিছু সময় আগে, রাত সোয়া ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন তিনি। সেখানে লেখেন, ‘আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।’
সাবেক এই স্বতন্ত্র সংসদ সদস্যের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানা ও হবিগঞ্জে একাধিক মামলা দায়ের করা হয়। এর মধ্যে মিরপুর থানার মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হলে আদালত তাকে জামিন দিয়ে রুল জারি করেন।
পরে হাইকোর্টের দেওয়া ওই জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে।
ভিওডি বাংলা/এমএস







