শিশু ধর্ষণ মামলায় মাদরাসাশিক্ষকের ডিএনএ পরীক্ষার নির্দেশ

নেত্রকোণার মদনে ১১ বছরের এক শিশুকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত মাদরাসাশিক্ষক আমান উল্লাহ সাগরের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (১০ মে) বিকালে তিন দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। পরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহসিনা ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পর আসামির ডিএনএ পরীক্ষার নির্দেশও দেন আদালত।
পুলিশ জানায়, রিমান্ড চলাকালে তদন্ত কর্মকর্তা আসামিকে জিজ্ঞাসাবাদ করেছেন। এদিকে ভুক্তভোগী শিশু আদালতে জবানবন্দি দিয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছে।
এর আগে গত সপ্তাহে র্যাব-১৪ ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার একটি মহিলা কওমি মাদরাসার পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ সাগরের বিরুদ্ধে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ ওঠে। দীর্ঘদিন বিষয়টি গোপন থাকলেও শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ঘটনাটি প্রকাশ্যে আসে। পরে ভুক্তভোগীর পরিবার থানায় মামলা দায়ের করে।
ভিওডি বাংলা/আ







