বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রীর

সুনামগঞ্জে হঠাৎ বজ্রপাতের ঘটনায় প্রাণ হারিয়েছে দশম শ্রেণির এক শিক্ষার্থী। খোলা জায়গা থেকে ধান আনতে গিয়ে প্রাণঘাতী এই দুর্ঘটনার শিকার হয় ১৫ বছর বয়সী আখি আক্তার।
রোববার (১০ মে) বিকেল ৪টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরাঙ্গ ইউনিয়নের নলুয়ারপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আখি আক্তার নলুয়ারপাড় গ্রামের জাহির উদ্দিনের মেয়ে। তিনি স্থানীয় ‘ইয়াকুব উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়’-এর দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, বিকেলে হঠাৎ বৃষ্টি শুরু হলে ঘরের সামনে খলায় শুকাতে দেওয়া ধান আনতে যান আখি। এ সময় আকস্মিক বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন সেখ জানান, বিকেলে বজ্রপাতে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
ভিওডি বাংলা/এমএস







