ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির কারখানায় অভিযান, কারাদণ্ড ২

পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের শাহানগর গ্রামে একটি চিলিং সেন্টারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল দুধ ও দুধ তৈরির কেমিক্যাল জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটির মালিকসহ দুইজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (৯ মে) রাত ১০টা থেকে শনিবার রাত ১টা পর্যন্ত ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে শাহানগর গ্রামের মো. সাখাওয়াত হোসেনের চিলিং সেন্টার থেকে ৭৩ কেজি জেলি, কাস্টিক সোডাসহ বিভিন্ন ধরনের কেমিক্যাল এবং প্রায় ৭০০ কেজি ভেজাল মিশ্রিত দুধ উদ্ধার করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই চিলিং সেন্টারে কৃত্রিম উপায়ে ভেজাল দুধ তৈরি করে বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে প্রশাসন অভিযান চালিয়ে এসব অনিয়মের প্রমাণ পায়। পরে জব্দ করা ভেজাল দুধ ও কেমিক্যাল জনসম্মুখে ধ্বংস করা হয়। উদ্ধার হওয়া এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৪ হাজার টাকা বলে জানিয়েছে প্রশাসন।
ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ধারায় চিলিং সেন্টারের মালিক মো. সাখাওয়াত হোসেনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানা করেন। একই সঙ্গে তার সহযোগী শাহানগর গ্রামের মো. সুমন আলীকেও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, “জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য উৎপাদনের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর। দীর্ঘদিন ধরে এ চক্রটি ভেজাল দুধ বাজারজাত করছিল বলে আমরা তথ্য পেয়েছিলাম। যাচাই-বাছাই শেষে অভিযান চালিয়ে প্রমাণ পাওয়া গেছে।”
তিনি আরও বলেন, খাদ্যে ভেজাল মিশিয়ে মানুষের স্বাস্থ্যঝুঁকি তৈরি করা গুরুতর অপরাধ। এ ধরনের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, ভেজাল খাদ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে আরও কঠোর নজরদারি প্রয়োজন।
ভিওডি বাংলা/প্রভাষক গিয়াস উদ্দিন সরদার/জা







