এমআর বিপিএল চলতি বছরের সিজন-২ এর জাঁকজমকপূর্ণ ফাইনাল

টাঙ্গাইলের মধুপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মধুপুর রাণী ভবানী প্রিমিয়াম লিগ (এমআর বিপিএল-২০২৬) সিজন-২ এর ফাইনাল ম্যাচ।
শনিবার (৯ মে) বিকাল মধুপুর রাণী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই জমজমাট ফাইনালে ভবানিয়ান ব্রেভস ‘১৮ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানারআপ হয় ভবানিয়ান হান্টার্স ‘২৪।
ফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভবানিয়ান হান্টার্স ‘২৪। নির্ধারিত ১০ ওভারে তারা ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১১৪ রান। জবাবে ব্যাট করতে নেমে ভবানিয়ান ব্রেভস ‘১৮ দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ২৬ বল হাতে রেখেই ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় এবং শিরোপা নিশ্চিত করে।
ফাইনালে অসাধারণ পারফরম্যান্সের জন্য ভবানিয়ান ব্রেভস ‘১৮ দলের খেলোয়াড় রাসেল ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
উল্লেখ্য, ২০২৫ সাল থেকে শুধুমাত্র রাণী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীদের ব্যাচ ভিত্তিক টিমের অংশগ্রহণে এই ব্যতিক্রমধর্মী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। এবারের আসরেও ১৬টি দল অংশ নেয়। টানা ৩৯টি ম্যাচ শেষে ৪০তম ও ফাইনাল ম্যাচে ২০১৮ ব্যাচের দল শিরোপা জিতে নেয়।
খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন।
ফাইনাল অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি উপস্থিত হতে পারেননি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা জুবায়ের হোসেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য অ্যাডভোকেট শামসুজ্জামান সুরুজ, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার (১৯৮০ ব্যাচ), বিএনপি নেতা জয়নাল আবেদীন খান বাবলু (১৯৮২ ব্যাচ), হুমায়ুন কবি তালুকদার (১৯৮৩ ব্যাচ), আব্দুল লতিফ পান্না (১৯৮৩ ব্যাচ), ফরহাদ হোসেন তরফদার (১৯৯০ ব্যাচ), খন্দকার মোতালিব হোসেন (১৯৯০ ব্যাচ) এবং মধুপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম ফজলুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমআর বিপিএল-২০২৬ সিজন-২ এর আহ্বায়ক ১৯৯০ ব্যাচের এম রতন হায়দার। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব ১৯৯৩ ব্যাচের এস. এম শহীদ।
ভিওডি বাংলা/মো. লিটন সরকার/জা







