• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আবদুস সালাম:

সিটি কর্পোরেশনের একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়

নিজস্ব প্রতিবেদক    ১০ মে ২০২৬, ০১:২৩ পি.এম.
বুড়িগঙ্গা হলরুমে আয়োজিত বর্ষা পূর্ব এডিস মশার লার্ভা জরিপ কার্যক্রম ২০২৬ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন আবদুস সালাম। ছবি-ভিওডি বাংলা
বুড়িগঙ্গা হলরুমে আয়োজিত বর্ষা পূর্ব এডিস মশার লার্ভা জরিপ কার্যক্রম ২০২৬ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন আবদুস সালাম। ছবি-ভিওডি বাংলা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, শুধু সিটি কর্পোরেশনের একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। এজন্য হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে সাধারণ নাগরিক-সবার সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণ প্রয়োজন।

রোববার (১০ মে) ডিএসসিসির বুড়িগঙ্গা হলরুমে আয়োজিত বর্ষা পূর্ব এডিস মশার লার্ভা জরিপ কার্যক্রম ২০২৬ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, ডেঙ্গু ও চিকনগুনিয়া মোকাবিলায় সমালোচনাকে গুরুত্ব দিয়ে কাজ করছে সিটি কর্পোরেশন।

কোথাও কাজের ঘাটতির বিষয়ে অভিযোগ বা রিপোর্ট পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হয়।

আবদুস সালাম বলেন, মশকনিধন কার্যক্রমে ব্যবহৃত ওষুধ একাধিকবার পরীক্ষা করা হয়েছে। মন্ত্রণালয়ের পরীক্ষায় ওষুধ কার্যকর ও গ্রহণযোগ্য বলে মত দেওয়া হয়েছে। এরপরও নতুন ওষুধ ব্যবহারের সম্ভাবনা যাচাইয়ে কীটতত্ত্ববিদদের মাধ্যমে পুনরায় পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে। তাদের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, সবাই একসঙ্গে কাজ করলেই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। সিটি কর্পোরেশন একা কখনোই এ সংকট মোকাবিলা করতে পারবে না।

ডিএসসিসি প্রশাসক জানান, জরিপের ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করা হবে এবং ইতোমধ্যে সেই প্রস্তুতি শুরু হয়েছে। ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে আগে থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই নির্দেশনা অনুযায়ী সম্ভাব্য প্রাণহানি কমিয়ে আনতে আগাম প্রস্তুতি ও সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে।

আবদুস সালাম আরও বলেন, নর্দমা ও আবর্জনা পরিষ্কার রাখতে হবে। যেকোনোভাবেই আবর্জনামুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। এ কাজে দলীয় পরিচয় নয়, পরিচ্ছন্নতাই প্রধান বিষয়।

ভিওডি বাংলা/জা 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ন্যায়বিচার নিশ্চিত করতে মাঠ পুলিশের প্রতি কড়া নির্দেশনা
ছবি: সংগৃহীত
সংসদে আইন পাস অনলাইন জুয়ায় জরিমানা ৫ কোটি, ৭ বছর জেল
ছবি: সংগৃহীত
ধর্ষণ মামলার সংখ্যা বাড়ার কারণ ব্যাখ্যা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী