গণভোটের রায় মানতেই হবে: সারোয়ার তুষার

এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংস্কার বাস্তবায়ন কমিটির উপ-প্রধান সারোয়ার তুষার বলেছেন, গণভোটের রায় সরকারকে মেনে নিতেই হবে। এ বিষয়ে কোনো ধরনের তালবাহানা চলবে না এবং সরকার চাইলেও এটি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
শনিবার (৯ মে) বিকালে টাঙ্গাইল প্রেস ক্লাব মিলনায়তনে গণভোটের রায় বাস্তবায়ন বিষয়ক এক সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সারোয়ার তুষার বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অতীতেও দীর্ঘ আন্দোলন হয়েছে। বিএনপির বিরুদ্ধে ২৫ মাস আন্দোলনের পর তারা নির্বাচন দিতে বাধ্য হয়েছিল। আবার আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করার পর প্রায় এক দশক আন্দোলন চলেছে। বর্তমান সরকার যদি মনে করে বাস্তবায়ন না করেও পার পেয়ে যাবে, তাহলে বিষয়টি তেমন নয়।
তিনি আরও বলেন, এনসিপি এখনই রাজপথে নামতে চায় না। সভা-সেমিনারের মাধ্যমে সংগঠনকে প্রস্তুত করা হচ্ছে এবং গণমাধ্যমের মাধ্যমে জনগণের কাছে বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। জনগণও গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
সারোয়ার তুষার বলেন, ধাপে ধাপে আন্দোলনের মাত্রা বাড়ানো হবে। সরকার যদি সহজে জনগণের রায় মেনে নেয় তাহলে ভালো, আর না মানলে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য করা হবে।
টাঙ্গাইল জেলা এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. কামরুজ্জমান শাওনের সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন দলের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক ও উত্তরাঞ্চলের ডেপুটি মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার এবং জেলা সদস্য সচিব মাসুদুর রহমান রাসেলসহ অন্য নেতারা।
ভিওডি বাংলা/আ







