• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

লোহাগড়ায় সাবেক ইউপি মেম্বারকে কুপিয়ে জখম

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি    ৯ মে ২০২৬, ১০:৩৯ এ.এম.
সাবেক ইউপি সদস্য মাওলানা সিরাজুল ইসলাম। ছবি-ভিওডি বাংলা

নড়াইলের লোহাগড়া উপজেলায় সাবেক ইউপি সদস্য ও আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম (৫১)-এর ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (৮ মে) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের রায়পাশা গ্রামের বালুর চাতাল সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন মাওলানা সিরাজুল ইসলাম। তার সঙ্গে ছিলেন তার ঘনিষ্ঠ সহযোগী আকিদুল ইসলাম। পথিমধ্যে আগে থেকে ওৎ পেতে থাকা ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে।

হামলাকারীরা হঠাৎ করেই রামদা ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে সিরাজুল ইসলামের ওপর এলোপাতাড়ি আঘাত চালায়। এতে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন এবং শরীরের একাধিক স্থানে গুরুতর জখম হন। এ সময় তার সঙ্গে থাকা আকিদুল ইসলাম দৌড়ে স্থানীয়দের খবর দিলে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং আহত সিরাজুল ইসলামকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।

স্থানীয়রা জানিয়েছেন, মাওলানা সিরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে কোটাকোল ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি টানা পাঁচবার ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছিলেন।

ঘটনার পেছনে রাজনৈতিক বিরোধ, স্থানীয় আধিপত্য বিস্তার কিংবা পূর্ব শত্রুতার জেরে এই হামলা হয়ে থাকতে পারে বলে এলাকাবাসীর ধারণা। তবে এখনো হামলার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য অভিযান চলছে। তিনি বলেন, “এটি একটি গুরুতর ঘটনা। তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন করা হবে এবং দোষীদের ছাড় দেওয়া হবে না।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খুলনায় যুবককে কুপিয়ে হত্যা
খুলনায় যুবককে কুপিয়ে হত্যা
বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, আহত ২০
বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, আহত ২০
চুরির অপবাদে নির্যাতন, অপমানে আত্মহত্যা
চুরির অপবাদে নির্যাতন, অপমানে আত্মহত্যা