বিএনপিই প্রথম শাপলা হত্যাকাণ্ডকে গণহত্যার স্বীকৃতি দেয়: তথ্যমন্ত্রী

শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে বিএনপিই প্রথম স্বীকৃতি দিয়েছিল বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন।
শুক্রবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে শাপলা স্মৃতি সংসদ আয়োজিত স্মারক গ্রন্থ ‘শহীদনামা’র মোড়ক উন্মোচন, তথ্যচিত্র প্রদর্শন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি কখনও ইসলাম অবমাননাকারীদের প্রশ্রয় দেয়নি বরং শাপলা চত্বরের ঘটনার বিচার ও শহীদদের মর্যাদা প্রতিষ্ঠায় রাজনৈতিকভাবে অবস্থান নিয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় দুইদিন হরতালের ডাক দিয়েছিল বিএনপি।
তিনি আরো বলেন, সংসদে শাপলা শহিদদের সম্মান দিয়েছে বিএনপি। শাপলা চত্বরের শহিদদের পরবর্তী দায়িত্ব বিএনপি অবশ্যই পালন করবে।
মুক্তিযুদ্ধের গণহত্যা থেকে শুরু করে শাপলা চত্বরের হত্যাকাণ্ড পর্যন্ত মানবতাবিরোধী, অন্যায় ও ন্যায়বিচারবিরোধী কোনো অপরাধকেই সরকার তামাদি হতে দেবে না বলে মন্তব্যও করেন জহির উদ্দিন স্বপন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, এসব অপরাধের বিচার নিশ্চিত করতে সরকার উদ্যোগী হলেও বাস্তবায়নের জন্য রাজনৈতিক ও সামাজিক সব শক্তির সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। রাজনৈতিক শক্তি ও সামাজিক শক্তি কখনো সমান নয়। একটি রাজনৈতিক দল তখনই সফল হয়, যখন দলমতের বাইরে বৃহত্তর সমাজের কাছেও গ্রহণযোগ্যতা পায়।
ভিওডি বাংলা/এফএ







