মারা গেছেন নেজামে ইসলাম পার্টির আমির সরোয়ার কামাল আজিজী

চট্টগ্রামের প্রবীণ আলেম ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি–এর কেন্দ্রীয় আমির আল্লামা সরোয়ার কামাল আজিজী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (৮ মে) বিকাল সাড়ে ৫টায় লোহাগাড়া উপজেলা–এর পদুয়া ইউনিয়নের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র ও সাত কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিভিন্ন ইসলামি দলের নেতারা শোকবার্তা দিয়েছেন।
দলের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আল্লামা সরোয়ার কামাল আজিজী ১৯৪৭ সালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া গ্রামের নয়াপাড়ায় জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম হাকীমবক্স চৌধুরী পদুয়া ইউনিয়ন পরিষদের সাবেক প্রেসিডেন্ট ছিলেন।
তিনি স্থানীয় কওমি মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা শেষে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া মাদ্রাসায় অধ্যয়ন করেন এবং সেখান থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। পাশাপাশি সাধারণ শিক্ষায়ও ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবনে তিনি জমিয়তে তোলাবায়ে আরাবিয়া মুসলিম ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন।
শিক্ষা ও দ্বীনি খেদমতে তিনি পদুয়া আল জামিয়াতুল আনোয়ার হেমায়েতুল ইসলাম মাদ্রাসাসহ বহু ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।
রাজনৈতিক জীবনে তিনি ১৯৮১ সালে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। পরে ১৯৮৪ সালে যুগ্ম আহ্বায়ক, ২০০৭ সালে সিনিয়র সহ-সভাপতি এবং ২০১৯ সালের ৪ সেপ্টেম্বর দলটির আমির নির্বাচিত হন। এছাড়া হেফাজতে ইসলাম বাংলাদেশ–এর নায়েবে আমির হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এছাড়া তিনি শাহ ওয়ালী উল্লাহ একাডেমি চট্টগ্রামের পরিচালক এবং জামিয়াতুল আনোয়ার হেমায়েতুল ইসলাম কওমি মাদ্রাসা পদুয়ার মহাপরিচালকের দায়িত্বেও ছিলেন।
ভিওডি বাংলা/আ







