• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাকিস্তান সফরে যাবেন ইউজিসির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

ভিওডি বাংলা ডেস্ক    ৬ মে ২০২৬, ০৩:২১ এ.এম.
ছবি: সংগৃহীত

উচ্চশিক্ষা ও গবেষণায় নতুন দিগন্ত খুঁজতে শিগগিরই পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদের নেতৃত্বে ১৫ সদস্যের এ দলটি দেশটির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করবে।

মঙ্গলবার (৫ মে) ইউজিসি ভবনে ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাই কমিশনের একটি প্রতিনিধি দল চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে আসন্ন এই সফরের তথ্য জানানো হয়।

পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। তাঁর সঙ্গে ছিলেন ডেপুটি হাই কমিশনার মুহাম্মদ ওয়াসিফ এবং কাউন্সিলর কামরান দাঙ্গাল।

বৈঠকে ইমরান হায়দার জানান, সফরের সময় বাংলাদেশের প্রতিনিধি দল পাকিস্তানের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যাবে এবং শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন নিয়ে সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবে।

বিশেষ করে পাকিস্তানের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে ‘উচ্চশিক্ষা কমিশন’-এ রূপান্তরের পর দেশটির উচ্চশিক্ষা খাতে যে পরিবর্তন ও অগ্রগতি হয়েছে, তা সরাসরি পর্যবেক্ষণের সুযোগ পাবেন বাংলাদেশি প্রতিনিধিরা।

সফরটিকে তাৎপর্যপূর্ণ উল্লেখ করে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ বলেন, ‘পাকিস্তানের উচ্চশিক্ষা ও গবেষণা খাতে অর্জিত অভিজ্ঞতা প্রত্যক্ষভাবে অনুধাবনের মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান উচ্চশিক্ষা ও গবেষণায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।’

তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার ও ইউজিসি উচ্চশিক্ষা ব্যবস্থায় পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য করে না। ইতোমধ্যে দেশে উচ্চশিক্ষায় পরিমাণগত অগ্রগতি হয়েছে, এখন গুরুত্ব দেওয়া হচ্ছে গুণগত মান নিশ্চিত করা এবং গবেষণায় উৎকর্ষ সাধনের ওপর।

ইমরান হায়দার জানান, চিকিৎসা, প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, কৃষি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলো বৈশ্বিক মানে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। দেশটির পাবলিক ও প্রাইভেট উভয় খাতের অনেক বিশ্ববিদ্যালয় গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ সময় ইউজিসির সদস্য প্রফেসর ড. মো. সাইদুর রহমান ও প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, কমিশনের সচিব ড. মো. ফখরুল ইসলাম এবং আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক জেসমিন পারভিন উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরব আমিরাতে হামলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ
আরব আমিরাতে হামলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ
বকেয়া রেখেই নতুন ঋণ পাবেন চামড়া ব্যবসায়ীরা
বকেয়া রেখেই নতুন ঋণ পাবেন চামড়া ব্যবসায়ীরা
মানবাধিকারকর্মীরা জনকল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে : আবদুস সালাম
মানবাধিকারকর্মীরা জনকল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে : আবদুস সালাম