• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সড়ক-মহাসড়কে পশুর হাট বসতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ৪ মে ২০২৬, ০৯:১১ পি.এম.
ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ঈদুল আজহা উপলক্ষে সড়ক, মহাসড়ক ও রেললাইনের ওপর কোনো কোরবানির পশুর হাট বসতে দেয়া হবে না।

সোমবার (৪ মে) সন্ধ্যায় ঈদুল আজহার সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জনগণের যাতায়াত নির্বিঘ্ন করতে প্রধানমন্ত্রী স্পষ্ট অনুশাসন দিয়েছেন যে সড়কের ওপর কোনো হাট বসবে না। সড়ক, রেলপথ ও নৌপথ–সবক্ষেত্রে সমন্বিতভাবে শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নৌ-পরিবহনের ক্ষেত্রে প্রধানমন্ত্রী নতুন নির্দেশনা দিয়েছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফেরিঘাটে বাস থেকে যাত্রীদের নামিয়ে তারপর ফেরিতে ওঠা এবং নামার বিষয়টি নিশ্চিত করতে হবে। এজন্য প্রতিটি ঘাটে সাইনবোর্ড ও মাইকিং থাকবে।  কোনো বাস চালকের গাফিলতি পাওয়া গেলে তার লাইসেন্স নিয়ে কঠোর সিদ্ধান্ত নেয়া হবে।’

এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বাস মালিক ও শ্রমিক ফেডারেশনের সঙ্গে বৈঠক করবেন বলে জানান তিনি।

সড়ক দুর্ঘটনা রোধ ও তাৎক্ষণিক চিকিৎসার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মহাসড়কের পাশে অবস্থিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের ট্রমা সেন্টারগুলোকে কার্যকর করা হবে। সিভিল সার্জনের নেতৃত্বে সেখানে প্রয়োজনীয় সরঞ্জামসহ ডাক্তার ও নার্স নিয়োগ দেয়া হবে। এছাড়া নিকটবর্তী উপজেলা ও জেলা হাসপাতালগুলোকে ঈদের সাতদিন আগে থেকেই প্রস্তুত রাখার নির্দেশ দেয়া হয়েছে।

ঈদযাত্রা নিরাপদ করতে এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সাতদিন আগে থেকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন পুলিশ সদর দফতরে একটি ‘মনিটরিং সেল’ গঠন করা হবে। এই সেলের মাধ্যমে মহাসড়কের সিসি ক্যামেরাগুলো পর্যবেক্ষণ করা হবে এবং জেলা পর্যায়ের তথ্য সংগ্রহ করে সার্বক্ষণিক মনিটরিং করা হবে।

চামড়া শিল্পের সুরক্ষা ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার এবার বিশেষ কড়াকড়ি আরোপ করছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোরবানির পর প্রথম ৭ দিন ঢাকার বাইরে থেকে কোনো চামড়া রাজধানীতে প্রবেশ করতে পারবে না। চামড়া স্থানীয়ভাবে সংরক্ষণ করতে হবে।’

চামড়া সংগ্রহ ও বৈজ্ঞানিক পদ্ধতিতে সংরক্ষণের বিষয়ে মাদ্রাসা ও এতিমখানার সংশ্লিষ্টদের বিশেষ প্রশিক্ষণ দেয়া হবে বলেও জানান তিনি।

এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান কোরবানির পশুর বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।

বৈঠকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে : এলজিআরডি মন্ত্রী
সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে : এলজিআরডি মন্ত্রী
ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল
ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল
সারাদেশে হাম ও উপসর্গে একদিনে ১৭ জনের মৃত্যু
সারাদেশে হাম ও উপসর্গে একদিনে ১৭ জনের মৃত্যু