পুরনো ঐতিহ্য ও উৎসব আমরা ফিরিয়ে আনতে চাই: আবদুস সালাম

বাঙালির পুরনো খেলা, উৎসব ও ঐতিহ্য আমরা ফিরিয়ে আনতে চাই মন্তব্য করে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম বলেছেন বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে পুরান ঢাকায় আবারও পিঠা উৎসবসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন করা হবে।
রোববার (৩ মে) রাতে রাজধানীর শিল্পকলা একাডেমিতে ঊনবিংশ জাতীয় পিঠা উৎসব ১৪৩২ ও বর্ষবরণ ১৪৩৩ বৈশাখী মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাঙালির কৃষ্টি-সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ এসব উৎসব। এর মাধ্যমে বিশ্বে বাংলাদেশের পরিচয় তুলে ধরা সম্ভব হয়। বিশ্বের যেখানেই বাঙালি থাকুক, সেখানেই এই ঐতিহ্য ও উৎসব পালিত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
পুরান ঢাকাকে পর্যটনকেন্দ্র হিসেবে উল্লেখ করে তিনি বলেন, লালবাগ কেল্লা, বুড়িগঙ্গা নদী, আহসান মঞ্জিল, ছোট ও বড় কাটরা, বঙ্গভবন, জাদুঘর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অসংখ্য ঐতিহাসিক ও দর্শনীয় স্থান দক্ষিণ ঢাকায় অবস্থিত, যা একে বিশেষভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে।
নগরীর পরিচ্ছন্নতা ও মশা নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, এ ক্ষেত্রে সিটি কর্পোরেশন ও নাগরিকদের সমান দায়িত্ব রয়েছে। পলিথিন ব্যবহার বন্ধ, আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা এবং বাসাবাড়ির চারপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি। পাশাপাশি ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বাসাবাড়ির ছাদ, আঙিনা ও পানি জমে থাকতে পারে এমন স্থান নিয়মিত পরিষ্কার রাখার পরামর্শ দেন।
রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকার বিভিন্ন খাতে পরিবর্তন আনার চেষ্টা করছে। গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
আসন্ন নির্বাচনে নিজের জন্য সমর্থন কামনা করে তিনি বলেন, জনগণের সমর্থন পেলে তিনি মেয়র নির্বাচিত হয়ে ঢাকার ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে কাজ করবেন।
তিনি আরও বলেন, “গ্রীন সিটি, ক্লিন সিটি” বাস্তবায়নে প্রত্যেকে একটি করে গাছ লাগালে ঢাকা শহরকে সবুজে রূপান্তর করা সম্ভব।
ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, পুরান ঢাকায় ঘুড়ি উৎসব, বুড়িগঙ্গায় নৌকাবাইচ এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।
শেষে তিনি জানান, শুধু পিঠা উৎসব নয়—নানা ঐতিহ্যবাহী আয়োজনের মাধ্যমে পুরান ঢাকার সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করা হবে।
ভিওডি বাংলা/খতিব/আ







