ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্রী হাবিব

রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, এই দেশ আমাদের, এই মাটি আমাদের। আমরা এই দেশকে ভালোবাসি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত বাংলাদেশ গড়ে তুলতে চাই।
শনিবার (২ মে) রাতে রাজধানীর বনানীর শেরাটন হোটেলে বৃহত্তর ময়মনসিংহ যুব সমিতির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক-২০২৬ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বক্তব্যের শুরুতেই প্রতিমন্ত্রী মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি তিনি বীর নারীদের অবদানও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
তিনি বলেন, জুলাই-আগস্ট গণআন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার ত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গণতান্ত্রিক আন্দোলনের সকল শহীদের প্রতিও তিনি শ্রদ্ধা জানান।
প্রতিমন্ত্রী বলেন, আমরা যারা নির্বাচিত হয়েছি, আমরা জনগণের সেবক। রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। তাদের ভোটেই আমরা দায়িত্ব পেয়েছি, তাই তাদের কাছেই আমরা জবাবদিহি দেব।
নিজের শেকড়ের কথা উল্লেখ করে তিনি বলেন, তার বাড়ি নেত্রকোনায় হলেও জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। তবে শৈশবের স্মৃতিতে নেত্রকোনার সঙ্গে তার গভীর সম্পর্ক রয়েছে। তিনি বলেন, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মানুষের প্রতি তার ভালোবাসা গভীর এবং এই অঞ্চলের উন্নয়নে তিনি সবসময় কাজ করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের উন্নয়নে ঐক্যের কোনো বিকল্প নেই। সবাই মিলে একসঙ্গে কাজ করলে এ অঞ্চলকে আরও উন্নত করা সম্ভব।
অনুষ্ঠানে উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এই সুযোগে বৃহত্তর ময়মনসিংহকে এমন একটি অবস্থানে নিয়ে যেতে হবে, যা ভবিষ্যৎ প্রজন্ম গর্বের সঙ্গে স্মরণ করবে।
শেষে তিনি বলেন, নিজের অবস্থান থেকে যতটুকু সম্ভব, তিনি সবসময় জনগণের পাশে থাকবেন এবং সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
ভিওডি বাংলা/খতিব/এমএস







