• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফ্লোরিডায় লিমন-বৃষ্টি হত্যাকাণ্ড: তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

আন্তর্জাতিক ডেস্ক    ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ এ.এম.
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি হত্যাকাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। তদন্ত সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার বর্ণনায় ঘটনার বিস্তারিত চিত্র এখন স্পষ্ট হতে শুরু করেছে।

২৭ বছর বয়সী এই দুই শিক্ষার্থীকে সর্বশেষ প্রায় দুই সপ্তাহ আগে দেখা গিয়েছিল। এক সপ্তাহ পর লিমনের মরদেহ উদ্ধার করা হয়। আর বৃষ্টিকেও হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন তদন্তকারীরা।

এই ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পূর্বপরিকল্পিতভাবে অস্ত্র ব্যবহার করে হত্যার অভিযোগ আনা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার তাকে আদালতে তোলার কথা ছিল। এর আগে হত্যার অভিযোগে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন আইনজীবীরা।

তদন্তের অংশ হিসেবে আদালতে একটি বিস্তারিত সময়রেখা উপস্থাপন করা হয়েছে, যেখানে তদন্তকারীদের ধারণা অনুযায়ী কীভাবে হত্যাকাণ্ডটি সংঘটিত হতে পারে, তা তুলে ধরা হয়েছে।

১৬ এপ্রিল: শেষ যোগাযোগ

সরকারি আইনজীবীদের আবেদনে বলা হয়, ১৬ এপ্রিল পর্যন্ত লিমন ও বৃষ্টির সঙ্গে তাদের বন্ধুদের যোগাযোগ ছিল। ওই দিন দুজনের মধ্যেও স্বল্প সময়ের ফোনালাপ হয়। এরপর থেকেই তাদের আর খোঁজ পাওয়া যায়নি।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই দিন দুপুরে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) ক্যাম্পাসে হাঁটছিলেন বৃষ্টি। সন্ধ্যায় এক বন্ধুর সঙ্গে দেখা করার কথা থাকলেও তিনি সেখানে যাননি এবং ফোনও ধরেননি।

অন্যদিকে, লিমনের মোবাইল ফোনের অবস্থান অনুযায়ী, সন্ধ্যা ৭টা ৪৩ মিনিটে তিনি ফ্লোরিডার ক্লিয়ারওয়াটার এলাকায় ছিলেন। তাঁর বাসা থেকে ওই স্থানের দূরত্ব প্রায় ৩২ মাইল।

আইনজীবীরা জানান, লিমনের ফোন ক্লিয়ারওয়াটারে পৌঁছানোর ১০ মিনিটের মধ্যেই সেখানে দেখা যায় আবুঘরবেহের সাদা রঙের হুন্দাই জেনেসিস জি-৮০ গাড়ি। ফোন ও গাড়ির গতিপথের তথ্য অনুযায়ী, সে রাতে তাদের অবস্থান একসঙ্গে মিলে যায়।

রাত সাড়ে ১০টার দিকে আবুঘরবেহের ফোন থেকে সিভিএস-এ আবর্জনার ব্যাগ, লাইজল, ফেব্রিজসহ বিভিন্ন পণ্য অর্ডার করা হয়, যা ডোরড্যাশের মাধ্যমে অ্যাপার্টমেন্টে পৌঁছে যায়। পরে আরেক রুমমেট তাকে ট্রলি ব্যবহার করে কিছু বাক্স ময়লা ফেলার স্থানে নিতে দেখেন।

১৭ এপ্রিল: নিখোঁজের খবর

গ্রেপ্তারি পরোয়ানার হলফনামায় উল্লেখ করা হয়, আবুঘরবেহ চ্যাটজিপিটির কাছে জানতে চেয়েছিলেন, ‘হিলসবরো রিভার স্টেট পার্কে কি গাড়িতে তল্লাশি করা হয়?’ ওই দিন রাত ১টা থেকে সাড়ে ৪টার মধ্যে তিনি দুইবার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড সেতু এলাকায় যান।

এরই মধ্যে লিমন ও বৃষ্টির নিখোঁজের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। পরদিন বৃষ্টির কর্মস্থল তল্লাশি করে পুলিশ তার ব্যক্তিগত জিনিসপত্র উদ্ধার করে।

২২ এপ্রিল: সন্দেহভাজনের পারিবারিক তথ্য

তদন্তকারীরা আবুঘরবেহের মায়ের সঙ্গে কথা বলে জানতে পারেন, ১৮ এপ্রিল তাঁর সঙ্গে শেষবার দেখা হয়েছিল। তিনি জানান, তাঁর ছেলে রাগ নিয়ন্ত্রণে সমস্যায় ভুগতেন এবং অতীতে পরিবারের ওপর সহিংস আচরণ করেছিলেন।

২০২৩ সালে শারীরিক আঘাতের অভিযোগে দুইবার গ্রেপ্তার হলেও পরে অভিযোগ প্রত্যাহার করা হয়। এক ঘটনায় তাঁর ভাই আদালতে নিষেধাজ্ঞা চান, যা গত বছরের মে মাসে শেষ হয়।

২৩ এপ্রিল: তল্লাশিতে নতুন আলামত

হিলসবরো কাউন্টি শেরিফের দপ্তর দুই শিক্ষার্থীকে ‘বিপন্ন’ হিসেবে ঘোষণা করে। তল্লাশিতে একটি ডাম্পস্টার থেকে রক্তমাখা ফ্লোর ম্যাট, বৃষ্টির ফোন কভার, লিমনের মানিব্যাগ, চশমা ও রক্তাক্ত পোশাক উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আবুঘরবেহ একাধিকবার বক্তব্য পরিবর্তন করেন। প্রথমে তিনি ক্লিয়ারওয়াটারে যাওয়ার বিষয়টি অস্বীকার করেন, পরে মাছ ধরার অজুহাত দেন এবং শেষে দাবি করেন লিমনের অনুরোধে সেখানে গিয়েছিলেন।

এ সময় তাঁর হাতে ব্যান্ডেজ দেখা যায়। তিনি বলেন, পেঁয়াজ কাটতে গিয়ে আঘাত পেয়েছেন। তবে তদন্তকারীরা তাঁর হাতে ও পায়ে নতুন আঘাতের চিহ্ন লক্ষ্য করেন। ওই দিনই তিনি চ্যাটজিপিটির কাছে জানতে চান, ‘নিখোঁজ বিপন্ন প্রাপ্তবয়স্ক মানুষ বলতে কী বোঝায়?’

২৪ এপ্রিল: লিমনের মরদেহ উদ্ধার

হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড সেতুতে তল্লাশি চালিয়ে একটি কালো ব্যাগ থেকে একজন পুরুষের দেহাবশেষ উদ্ধার করা হয়, যা পরে লিমনের বলে শনাক্ত হয়। তদন্তকারীরা জানান, ব্যাগটি আবুঘরবেহের বাসায় থাকা ব্যাগের সঙ্গে মিল রয়েছে।

ময়নাতদন্তে জানা যায়, লিমনের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত ছিল, যার মধ্যে একটি গভীর ছুরিকাঘাত যকৃৎ ফুটো করে দেয়। একই দিন লুটজ এলাকা থেকে আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়।

২৫ এপ্রিল: আদালতে হাজিরা

২৫ এপ্রিল সকালে প্রথমবারের মতো আদালতে তোলা হয় আবুঘরবেহকে। হত্যার অভিযোগ ছাড়াও তার বিরুদ্ধে মৃতদেহ সরানো, তথ্য গোপন, প্রমাণ নষ্ট, অবৈধভাবে আটক রাখা এবং শারীরিক লাঞ্ছনার মতো একাধিক অভিযোগ আনা হয়েছে।

সূত্র: সিএনএন 

ভিওডি বাংলা/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওপেক জোট থেকে পদত্যাগ করেছে আরব আমিরাত
ওপেক জোট থেকে পদত্যাগ করেছে আরব আমিরাত
আফগানিস্তানে পাক বাহিনীর অতর্কিত হামলা, নিহত ৭
আফগানিস্তানে পাক বাহিনীর অতর্কিত হামলা, নিহত ৭
জাতিসংঘের সমুদ্র আইন মানতে বাধ্য নয় ইরান : ইরাভানি
জাতিসংঘের সমুদ্র আইন মানতে বাধ্য নয় ইরান : ইরাভানি