• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কোস্ট গার্ড সদস্য ১০ হাজারে উন্নীতের পরিকল্পনা, যুক্ত হবে হেলিকপ্টার: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২৮ এপ্রিল ২০২৬, ০২:১৬ পি.এম.
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ: ছবি-ভিওডি বাংলা

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্য সংখ্যা পর্যায়ক্রমে ১০ হাজারে উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে বাহিনীর অভিযানিক সক্ষমতা বাড়াতে হেলিকপ্টার, মেরিটাইম সার্ভেইলেন্স সিস্টেম ও রেসকিউ ড্রোন ক্রয়ের পরিকল্পনাও রয়েছে। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) বাংলাদেশ কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও কোস্ট গার্ড দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সমুদ্র ও উপকূলীয় এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় ১৯৯৫ সালের ১৪ ফেব্রুয়ারি “Guardian at Sea” মূলমন্ত্র নিয়ে আধাসামরিক স্বতন্ত্র বাহিনী হিসেবে বাংলাদেশ কোস্ট গার্ড-এর যাত্রা শুরু হয়। তিনি বলেন, বিএনপি সরকারের সময় তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর নেতৃত্বে কোস্ট গার্ড গঠনের ভিত্তি তৈরি হয়, যা পরবর্তীতে বাহিনীর উন্নয়ন ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

তিনি বলেন, বর্তমানে উপকূলীয় এলাকার পাশাপাশি অভ্যন্তরীণ নৌপথে মাদক পাচার, অস্ত্র ও মানবপাচার, অবৈধ চোরাচালান, জলদস্যুতা এবং অবৈধ মৎস্য আহরণ রোধে কোস্ট গার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নিয়মিত টহলের মাধ্যমে সমুদ্র ও নদীপথের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্ঘটনায় পড়া নৌযান, নাবিক ও যাত্রীদের উদ্ধারেও কাজ করছে বাহিনীটি।

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কোস্ট গার্ডের অবদানের কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, ঘূর্ণিঝড়, বন্যা ও অন্যান্য দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জীবন রক্ষা এবং ত্রাণ কার্যক্রম পরিচালনায় বাহিনীর সদস্যরা প্রশংসনীয় ভূমিকা রাখছেন।

সুন্দরবন প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন ও বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত এই বনাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ড নিরলসভাবে কাজ করছে। সম্প্রতি সেখানে ডাকাতদের তৎপরতা বেড়েছে, যার শিকার হচ্ছেন জেলে ও মধু সংগ্রহকারীরা।

মন্ত্রী জানান, গত এক বছরের কিছু বেশি সময়ে সুন্দরবন এলাকায় ২৯টি অভিযান চালিয়ে ৩৫ জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪৭টি অবৈধ আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার এবং ৩০ জন জিম্মিকে মুক্ত করা হয়। একই সময়ে প্রায় ১৪৬ কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকার কাঠ উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকার কোস্ট গার্ডের আধুনিকায়নে দৃঢ়প্রতিজ্ঞ। সম্প্রতি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনসহ তিনটি সার্ভেইলেন্স ড্রোন বাহিনীতে যুক্ত হয়েছে।

এছাড়া জাইকা-র অর্থায়নে একটি মাল্টিরোল রেসপন্স ভেসেল ও দুটি অফশোর প্যাট্রোল ভেসেল নির্মাণকাজ চলছে। খুলনা শিপইয়ার্ডের মাধ্যমে বুলেটপ্রুফ সুবিধাসম্পন্ন হাই-স্পিড বোট কেনার চুক্তিও সম্পন্ন হয়েছে।

মন্ত্রী আরও জানান, গজারিয়া, মুন্সিগঞ্জ, Bangladesh এলাকায় আধুনিক ডকইয়ার্ড নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি পুরোনো ৯টি জাহাজের পরিবর্তে দেশীয় শিপইয়ার্ডে নতুন ৯টি প্যাট্রোল ভেসেল নির্মাণের প্রকল্পও প্রক্রিয়াধীন।

তিনি বলেন, আধুনিক জাহাজ, উন্নত প্রযুক্তি ও প্রয়োজনীয় জনবল যুক্ত হলে বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতা অতীতের যেকোনো সময়ের তুলনায় বহুগুণে বৃদ্ধি পাবে।

কোস্ট গার্ড সদস্যদের আবাসন সংকট নিরসনে মিরপুর, ঢাকা, Bangladesh জোয়ারসাহারা এলাকার বাউনিয়া ও পূর্বাচল, Bangladesh-এ জমি অধিগ্রহণের কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি।

ভিওডি বাংলা/ এম আই/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এনএসডিএ-এর কার্যনির্বাহী কমিটির ১৫তম সভা অনুষ্ঠিত
এনএসডিএ-এর কার্যনির্বাহী কমিটির ১৫তম সভা অনুষ্ঠিত
গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ অগ্রগতি চলতি বছরের নির্বাচন
ইইউর মূল্যায়ন: গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ অগ্রগতি চলতি বছরের নির্বাচন
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম ডিজির সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম ডিজির সাক্ষাৎ