• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

অনলাইনে ইনকামের ফাঁদে ৪০ লাখ টাকা খোয়ালেন ভুক্তভোগী, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক    ২৩ এপ্রিল ২০২৬, ০৭:১৮ পি.এম.
মো. সাজ্জাদ হোসেন  ও মো. রাজিব খাঁন  : ছবি-ভিওডি বাংলা

অনলাইনে সহজে আয়ের প্রলোভন দেখিয়ে প্রায় ৪০ লাখ টাকা আত্মসাৎ করার ঘটনায় দুই প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার (২২ এপ্রিল) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তারকৃতরা হলেন-মো. সাজ্জাদ হোসেন (৩৩) ও মো. রাজিব খাঁন (৩৩)। 

সিআইডির ঢাকা মেট্রো-পূর্ব ইউনিট জানায়, দীর্ঘদিন ধরে তারা অনলাইন প্ল্যাটফর্মে চাকরি ও আয় করার প্রলোভন দেখিয়ে প্রতারণা চালিয়ে আসছিলেন।

তদন্ত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১ জুলাই মতিঝিল এলাকায় অবস্থানকালে এক ভুক্তভোগী টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে “Sabrina Islam” নামে একটি আইডির সঙ্গে পরিচিত হন। ওই আইডি থেকে তাকে “Atomic Market” নামের একটি অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে সহজে আয় করার প্রস্তাব দেওয়া হয়।

প্রথমদিকে স্বল্প বিনিয়োগে কমিশন ও বোনাস দিয়ে ভুক্তভোগীর আস্থা অর্জন করে প্রতারকরা। পরে অধিক লাভের প্রলোভন দেখিয়ে ধাপে ধাপে বিভিন্ন ব্যাংক হিসাব ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বড় অঙ্কের টাকা জমা নিতে থাকে।

এক পর্যায়ে ভুক্তভোগীর অ্যাকাউন্টে বিপুল লাভ দেখানো হলেও টাকা তুলতে গেলে “সিকিউরিটি ফি”, “সার্ভিস চার্জ” ও “NFT স্কোর” বাড়ানোর নামে আরও টাকা দাবি করা হয়। এভাবে কৌশলে ভুক্তভোগীর কাছ থেকে মোট ৩৯ লাখ ৫৬ হাজার ৪৬৯ টাকা আত্মসাৎ করা হয়।

পরবর্তীতে টাকা উত্তোলনের চেষ্টা করলে প্রতারকরা যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী মতিঝিল থানায় মামলা দায়ের করেন।

মামলার পর সিআইডি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মূল আসামি সাজ্জাদ হোসেনের অবস্থান শনাক্ত করে। পরে হাজারীবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নিউমার্কেট এলাকা থেকে সহযোগী রাজিব খাঁনকেও আটক করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত মোবাইল ফোন ও সিম কার্ড জব্দ করা হয়েছে।

সিআইডি জানায়, জিজ্ঞাসাবাদে আসামিরা ভুয়া টেলিগ্রাম আইডি ব্যবহার করে অনলাইন আয়ের ফাঁদ পেতে প্রতারণার বিষয়টি স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আগেও এ ধরনের অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত চলমান রয়েছে। একই সঙ্গে এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে সিআইডি।

সাধারণ জনগণকে অনলাইনে আয়ের প্রলোভনমূলক প্রস্তাব সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

ভিওডি বাংলা/এম আই

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা
আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল
আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল