প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি হয়েছে: নৌপরিবহনমন্ত্রী

মেরিটাইম প্রশিক্ষণের মাধ্যমে হাজারো দক্ষ জনশক্তি তৈরি হয়েছে। ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে এই প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরাই বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
শনিবার (১৮ এপ্রিল) চট্টগ্রাম মেরিটাইম ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ক্যাডেটদের উদ্দেশ্যে নৌপরিবহনমন্ত্রী বলেন, জাহাজ ব্যবস্থাপনা কিংবা নৌ চলাচল—যেখানেই থাকুন না কেন, দৃঢ়তা ও পেশাদারিত্বের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। শিক্ষা শুধু জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; এর মূল লক্ষ্য শারীরিক ও মানসিক পূর্ণ বিকাশ। আপনারা শুধু ব্যক্তি নন, আপনারা জাতির সম্পদ। বিশ্বের বিভিন্ন বন্দরে আপনারা বাংলাদেশের পরিচয় তুলে ধরবেন।
নৌপরিবহনমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, যারা এই কোর্স সম্পন্ন করে সমুদ্রে যাবেন, তারা নানা দেশে কাজ করার সুযোগ পাবেন। পৃথিবীর প্রায় ৭০ শতাংশই জলভাগ, যা এক সময় ছিল দুর্গম। তবে আধুনিক বিশ্ব সেই সীমাবদ্ধতা জয় করেছে এবং ভবিষ্যতেও করে যাবে।
কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে শেখ রবিউল আলম বলেন, একমাত্র একাডেমিক সার্টিফিকেটভিত্তিক শিক্ষা অনেক সময় বেকারত্ব তৈরি করে। এর বিপরীতে দক্ষতাভিত্তিক শিক্ষা কর্মসংস্থানের পথ খুলে দেয়। ১৯৯০-এর দশকে প্রতিষ্ঠিত এ খাত বর্তমানে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ভবিষ্যতে এই খাত আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
উল্লেখ্য, অনুষ্ঠানে মেরিটাইম ইনস্টিটিউটের শিক্ষক, কর্মকর্তা ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/আরকেএইচ







