• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তরুণ কিউইদের বিপক্ষে হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক    ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১০ পি.এম.
ছবি: সংগৃহীত

শুরু থেকেই ম্যাচটি বাংলাদেশের নিয়ন্ত্রণে ছিল। চার-ছক্কার এই সময়ে ৩০০ বলে ২৪৮ রানের লক্ষ্য খুব কঠিন হওয়ার কথা নয়, তাও আবার নিজেদের মাঠে। সবকিছু অনুকূলে থাকার পরও শেষ পর্যন্ত জয় তুলে নিতে পারেনি বাংলাদেশ।

একই সময়ে আইপিএল ও পিএসএল চলায় বাংলাদেশের বিপক্ষে সিরিজে নেই নিউজিল্যান্ডের বেশ কয়েকজন মূল খেলোয়াড়। আইপিএলে ব্যস্ত থাকায় দলে নেই অধিনায়ক মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, টিম সাইফার্ট, ফিন অ্যালেন, কাইল জেমিসন, জেকব ডাফি ও লকি ফার্গুসন। এছাড়া পিএসএলে থাকায় অনুপস্থিত মার্ক চ্যাপম্যান ও ড্যারিল মিচেল। ফলে তুলনামূলক তরুণদের নিয়ে গড়া দ্বিতীয় সারির দল নিয়েই বাংলাদেশের মুখোমুখি হয় নিউজিল্যান্ড।

তবে এই দলটির কাছেই প্রথম ওয়ানডেতে হারতে হয়েছে বাংলাদেশকে। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ দারুণ বোলিংয়ে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকে সম্ভাবনা তৈরি করেছিল স্বাগতিকরা। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় ২৬ রানে হেরে সিরিজ শুরু করেছে মেহেদি হাসান মিরাজ-এর দল। এতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এগিয়ে গেল সফরকারীরা।

ম্যাচটি দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত সভাপতি তামিম ইকবাল, রাজনীতিক তারেক রহমান-এর কন্যা জাইমা রহমান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মাঠে বসে খেলা উপভোগ করেন। তবে শেষ পর্যন্ত হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৩.২ ওভারে ২১ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। চতুর্থ ওভারের প্রথম দুই বলে তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তকে বোল্ড করেন নিউজিল্যান্ডের পেসার নাথান স্মিথ। হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি হলেও তা পূরণ করতে পারেননি তিনি।

এরপর দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন লিটন দাস ও সাইফ হাসান। তৃতীয় উইকেটে তাদের ৯৩ রানের জুটি কিছুটা স্বস্তি এনে দেয়। ৫৯ বলে অর্ধশতক পূর্ণ করেন সাইফ। ইনিংসে ৮ চার ও ১ ছক্কায় ৫৭ রান করে আউট হন তিনি।

সাইফের বিদায়ের পর ক্রিজে আসেন তাওহীদ হৃদয়। একপ্রান্তে দাঁড়িয়ে থেকে দলের হাল ধরার চেষ্টা করেন তিনি, তবে অন্যপ্রান্তে নিয়মিত উইকেট পড়তে থাকায় ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড ইনিংস: ৫০ ওভারে ২৪৭/৮ (নিকোলস ৬৮, ফক্সক্রফট ৫৯, ইয়াং ৩০, ল্যাথাম ১৪; শরীফুল ২/২৭, রিশাদ ২/৪৪, তাসকিন ২/৫০, মিরাজ ১/৫৪, নাহিদ ১/৬৫)।
বাংলাদেশ ইনিংস: ৪৮.৩ ওভারে ২২১ (সাইফ ৫৭, হৃদয় ৫৫, লিটন ৪৬, আফিফ ২৭; টিকনার ৪/৪০, স্মিথ ৩/৪৫)।
ফল: নিউজিল্যান্ড ২৬ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ডিন ম্যাক্সক্রফট।
সিরিজ: তিন ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ড ১–০ ব্যবধানে এগিয়ে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কষ্টার্জিত ড্রয়ে সেমিফাইনালে আর্সেনাল
চ্যাম্পিয়নস লিগ কষ্টার্জিত ড্রয়ে সেমিফাইনালে আর্সেনাল
রিয়ালকে হারিয়ে সেমিফাইনালে বায়ার্ন
চ্যাম্পিয়নস লিগ রিয়ালকে হারিয়ে সেমিফাইনালে বায়ার্ন
বিশ্বকাপের আগে মেসির নামে মামলা
বিশ্বকাপের আগে মেসির নামে মামলা