• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বন্ধুর পাশে থাকতে একসঙ্গে ন্যাড়া ১০ তরুণ

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি    ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫০ পি.এম.
বন্ধুর কষ্ট ভাগ করে নিতে একসঙ্গে মাথা ন্যাড়া করেছেন ১০ তরুণ: ছবি-ভিওডি বাংলা

‘বন্ধু বলে কথা’-এই বহুল প্রচলিত কথাটির বাস্তব রূপ যেন দেখা গেল কুমিল্লার মুরাদনগরে। বন্ধুর দুঃসময়ে পাশে দাঁড়াতে গিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ১০ তরুণ, যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ঘটনাটি উপজেলার বাঙ্গরা বাজার থানার খৈয়াখালী বাজার এলাকায়।

শুক্রবার (১৭ এপ্রিল) বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং স্থানীয়ভাবে প্রশংসার ঝড় ওঠে।

স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতপুর গ্রামের সজীব নামের এক যুবক দীর্ঘদিন ধরে মাথার ত্বকের একটি জটিল সমস্যায় ভুগছিলেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে মাথার সব চুল ফেলে দিতে হয়। এ অবস্থায় মানসিকভাবে ভেঙে পড়েন সজীব। তবে তাকে একা থাকতে দেননি তার ঘনিষ্ঠ বন্ধুরা।

বন্ধুর কষ্টকে নিজেদের কষ্ট মনে করে গত বুধবার (১৫ এপ্রিল) বিকালে স্থানীয় একটি সেলুনে গিয়ে একে একে নিজেদের মাথার চুল ফেলে দেন আরও ৯ বন্ধু। এভাবে তারা সবাই মিলে ন্যাড়া হয়ে বন্ধুত্বের এক বিরল উদাহরণ সৃষ্টি করেন।

এই ব্যতিক্রমী উদ্যোগে অংশ নেন-কাইয়ুম মিয়া, মো. আলম, শরিফ, মো. মোমেন, মো. নাজিম, মো. শাহজালাল, মো. মাইনুদ্দিন, মো. সাদ্দাম ও মো. সাগর। তারা জানান, “সজীব যেন নিজেকে একা বা বিচ্ছিন্ন মনে না করে, সেই চিন্তা থেকেই আমরা সবাই একসঙ্গে মাথা ন্যাড়া হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বন্ধুর পাশে থাকা-এটাই আমাদের কাছে সবচেয়ে বড় বিষয়।”

ঘটনাটি স্থানীয়দের মধ্যেও গভীর আবেগের সৃষ্টি করেছে। এলাকার বাসিন্দা বাবুল মিয়া বলেন, “এ ধরনের বন্ধুত্ব এখন খুব কম দেখা যায়। এই তরুণরা সত্যিই অনুকরণীয় একটি উদাহরণ তৈরি করেছে।”

বন্ধুদের এমন নিঃস্বার্থ ভালোবাসায় আপ্লুত হয়ে সজীব নিজেও তাদের সম্মান জানাতে উদ্যোগ নেন। পরদিন বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে খৈয়াখালী বাজারের ‘মাই ডিয়ার চটপটি হাউজ’-এর ছাদে বন্ধুদের জন্য একটি ব্যতিক্রমী সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে লটারির মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম বিজয়ীকে একটি খাসি, দ্বিতীয়জনকে একটি রাজহাঁস এবং তৃতীয়জনকে একটি দেশি মোরগ উপহার দেওয়া হয়। বাকি বন্ধুদের প্রত্যেককে দেওয়া হয় হাতঘড়ি।

ভিওডি বাংলা/জা 
 

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাঙ্গামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা
রাঙ্গামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা
কুমারখালীতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন
কুমারখালীতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন
সুনামগঞ্জের ডিসিকে বদলী করায় আনন্দ মিছিল
সুনামগঞ্জের ডিসিকে বদলী করায় আনন্দ মিছিল