• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মধ্যরাতে নারিকেল গাছের চূড়ায় কলেজছাত্র, ফায়ার সার্ভিস ডেকে উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি    ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ এ.এম.
মধ্যরাতে ডাব গাছের চূড়ায় ওঠা তরুণকে উদ্ধার শেষে স্থানীয়দের সহায়তায় নিচে নামিয়ে আনা হয়। ছবি: সংগৃহীত

মাদারীপুরের ডাসারে গভীর রাতে এক কলেজপড়ুয়া তরুণকে নারিকেল গাছের চূড়ায় দেখা যাওয়ার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে।

সোমবার (১৩ এপ্রিল) রাতের এ ঘটনায় উদ্ধার হওয়া তরুণের নাম ফারহান তালুকদার (১৮)। তিনি ডাসার উপজেলার কাজী বাকাই ইউনিয়নের বাসিন্দা সাইদুল তালুকদারের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, রাত প্রায় ২টার দিকে পরিবারের সদস্যরা ফারহানকে তার ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের একটি উঁচু নারিকেল গাছের ওপর তাকে শুয়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। গভীর রাতে এত উঁচুতে তাকে দেখে সবাই বিস্মিত হয়ে পড়েন।

গাছের নিচে দাঁড়িয়ে স্থানীয়রা তাকে নিচে নামতে অনুরোধ জানালেও তিনি অস্বাভাবিক আচরণ করতে থাকেন। এমনকি গাছ থেকে লাফ দেওয়ার হুমকিও দেন বলে জানা গেছে।

দীর্ঘ সময় চেষ্টার পরও তাকে নামানো সম্ভব না হলে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। পরে ডাসার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

ডাসার ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা খোকন জমাদ্দার বলেন, “আমরা যখন তাকে উদ্ধার করতে যাই, তিনি বারবার ঝাঁপ দেওয়ার হুমকি দিচ্ছিলেন। স্থানীয়রা যখন আজান দেওয়া শুরু করেন, তখন তিনি খানিকটা শান্ত হয়ে আসে। সেই সুযোগে অত্যন্ত সতর্কতার সঙ্গে তাকে নিচে নামিয়ে আনা হয়।”

ফারহানের পরিবারের দাবি, তিনি স্বাভাবিক অবস্থায় কখনোই গাছে উঠতে পারেন না। এত উঁচুতে কীভাবে উঠলেন, তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। কেউ কেউ ‘জ্বিনের আছর’ বা ভৌতিক ঘটনার কথাও বলছেন। ঘটনার পর স্থানীয় কবিরাজ ও হুজুর দিয়ে তার চিকিৎসা চলছে বলে জানা গেছে।

এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, “মাঝরাতে তরুণটির এমন অদ্ভুত কর্মকাণ্ডের খবর আমরা পেয়েছি। ঠিক কী কারণে তিনি এমন কাজ করেছেন এবং এর পেছনে কোনো শারীরিক বা মানসিক কারণ রয়েছে কি না, তা আমরা খতিয়ে দেখছি।”

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে হামলায় শ্রমিক দল নেতা নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে হামলায় শ্রমিক দল নেতা নিহত