‘সাহসিকতার সঙ্গে আলোচনা চলবে’: ইরান প্রেসিডেন্ট

যুদ্ধবিরতি নিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনা চলছে। এ সময় ইসলামাবাদে অবস্থানরত ইরানি প্রতিনিধিদলের প্রতি সমর্থন জানিয়ে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশের স্বার্থ রক্ষায় ‘সাহসিকতার সঙ্গে আলোচনা’ চালিয়ে যাবে প্রতিনিধিদলটি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘পরিস্থিতি যাই হোক, জনগণের সেবায় আমাদের কাজ এক মুহূর্তের জন্যও থেমে থাকবে না।’ তিনি আরও বলেন, ‘আলোচনার ফলাফল যা-ই হোক না কেন, সরকার সব সময় জনগণের পাশে থাকবে।’
এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইরান ও যুক্তরাষ্ট্র—উভয় দেশের প্রতিনিধিদলের সঙ্গে পৃথক বৈঠক করেন। এসব বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সেনাপ্রধান আসিম মুনির এবং স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি উপস্থিত ছিলেন।
বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সঙ্গে রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর জামাতা জ্যারেড কুশনার এবং মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ।
অন্যদিকে ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। তার সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তারা।
গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়। এর পর থেকেই উভয় দেশের মধ্যে আলোচনার চেষ্টা চলছিল। তারই ধারাবাহিকতায় আজ বহুল প্রতীক্ষিত এই বৈঠক শুরু হয়েছে।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপর টানা ৪০ দিন ধরে দুই পক্ষের মধ্যে সংঘাত চলে। পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধ থামলেও শুরু থেকেই এই যুদ্ধবিরতি ভঙ্গুর অবস্থায় রয়েছে।
এদিকে ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, আলোচনা ব্যর্থ হলে ইরানে আবারও হামলা শুরু হতে পারে। এ জন্য সামরিক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও তিনি জানিয়েছেন।
ভিওডি বাংলা/আ







