• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সম্মতি ইউক্রেনেরও

৩২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক    ১০ এপ্রিল ২০২৬, ০১:০৫ পি.এম.
ছবি: সংগৃহীত

ইস্টার উৎসবকে কেন্দ্র করে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অর্থোডক্স ইস্টার উপলক্ষে ৩২ ঘণ্টার এই বিরতির সিদ্ধান্ত নেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তারা এই যুদ্ধবিরতি মেনে চলবে।

শুক্রবার (১০ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ক্রেমলিনের তথ্য অনুযায়ী, শনিবার বিকেল থেকে শুরু হয়ে রোববার মধ্যরাত পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে। তবে প্রতিবেদনে বলা হয়েছে, এটি গত বছরের অনুরূপ স্বল্পমেয়াদি যুদ্ধবিরতির মতোই, যেখানে দুই পক্ষ একে অপরকে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছিল।

ক্রেমলিন আরও জানিয়েছে, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভ এবং সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভকে সব ফ্রন্টে সামরিক অভিযান সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সম্ভাব্য উসকানি মোকাবিলায় সেনাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

অন্যদিকে জেলেনস্কি বলেন, ইউক্রেন আগেই ইস্টার উপলক্ষে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল এবং এখন সেই অনুযায়ী তারা পদক্ষেপ নেবে। তিনি আরও বলেন, মানুষের এমন একটি ইস্টার প্রয়োজন যেখানে কোনো ধরনের হুমকি থাকবে না এবং এটি প্রকৃত শান্তির পথে এগোনোর সুযোগ হতে পারে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, এই যুদ্ধবিরতির বিষয়ে আগেভাগে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি এবং এটি কোনো ত্রিপক্ষীয় শান্তি আলোচনার অংশও নয়।

চার বছর ধরে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে এই সাময়িক যুদ্ধবিরতিকে একটি স্বস্তির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। একই সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও ইরান-সম্পর্কিত সংঘাতের কারণে বৈশ্বিক পরিস্থিতিও জটিল হয়ে উঠেছে। অর্থোডক্স খ্রিস্টানদের ক্যালেন্ডার অনুযায়ী, এ বছর অর্থোডক্স ইস্টার পালিত হচ্ছে ১২ এপ্রিল।

 ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এপস্টেইনকাণ্ডে ‍মুখ খুললেন মেলানিয়া ট্রাম্প
এপস্টেইনকাণ্ডে ‍মুখ খুললেন মেলানিয়া ট্রাম্প
হরমুজ প্রণালিতে প্রতিদিন ১৫টি জাহাজ চলাচলের সীমা নির্ধারণ করল ইরান
বিশ্ববাজারে তেলের দাম বাড়ার শঙ্কা হরমুজ প্রণালিতে প্রতিদিন ১৫টি জাহাজ চলাচলের সীমা নির্ধারণ করল ইরান
রোববার শুরু হচ্ছে নেতানিয়াহুর দুর্নীতির বিচার
রোববার শুরু হচ্ছে নেতানিয়াহুর দুর্নীতির বিচার