শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রশাসকের

শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তুলতে শিক্ষক সমাজকে আরও মনোযোগী ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে ঢাকা মহানগর মহিলা কলেজ-এ গভর্নিং বডির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা ভবিষ্যৎ গড়ার কারিগর। আপনারা যদি শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তুলতে পারেন, তাহলে দেশের মুখ উজ্জ্বল হবে। আর যদি তা না হয়, তাহলে দেশ ক্ষতিগ্রস্ত হবে।
তিনি আরও বলেন, কোনো শিক্ষকই চান না তাঁর ছাত্র-ছাত্রীরা খারাপ পথে যাক কিংবা প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট হোক।
প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যার প্রসঙ্গ তুলে ডিএসসিসি প্রশাসক বলেন, নানা কারণে অনেক সময় এমন পরিস্থিতি তৈরি হয়, যখন প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হয় এবং শিক্ষকরাও এতে জড়িয়ে পড়েন।
অতীতে কী ঘটেছে, তা নিয়ে তিনি আলোচনা করতে চান না উল্লেখ করে বলেন, যেহেতু এটি সিটি কর্পোরেশনের একটি প্রতিষ্ঠান, তাই এর উন্নয়ন ও সুষ্ঠু পরিচালনায় সিটি কর্পোরেশন সবসময় আগ্রহী। সিটি কর্পোরেশন জায়গা না দিলে ও অবকাঠামো তৈরি না করলে প্রতিষ্ঠানটি গড়ে উঠত না বলেও তিনি উল্লেখ করেন।
ব্যক্তিগত স্মৃতিচারণ করে তিনি বলেন, একসময় তিনি ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচিত ডেপুটি মেয়র ছিলেন। দীর্ঘদিন পর প্রতিষ্ঠানে এসে পুরোনো স্মৃতি মনে পড়েছে, তবে আগের অনেক স্থাপনা এখন আর নেই। এ কারণে জায়গাটি তার কাছে বিশেষ অনুভূতির জন্ম দিয়েছে।
শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, কলেজে নিয়ম-শৃঙ্খলার মধ্যে থাকার চেষ্টা করতে হবে এবং ম্যানেজমেন্ট নিয়ে অতিরিক্ত জড়িয়ে পড়া থেকে বিরত থাকতে হবে। এতে শিক্ষক সমাজে বিভক্তি তৈরি হয় এবং শেষ পর্যন্ত প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। আপনাদের মূল দায়িত্ব শ্রেণিকক্ষে শিক্ষাদান। সেই দায়িত্বটাই সবচেয়ে গুরুত্ব দিয়ে পালন করবেন।
তিনি আরও বলেন, অন্য কলেজে শিক্ষার মান বাড়লে এই কলেজে কেন বাড়বে না-এ প্রশ্ন শিক্ষক সমাজকেই বিবেচনা করতে হবে। শিক্ষকরা যোগ্য হলে তাদের প্রতিভা ও গুণাবলীর মাধ্যমে শিক্ষার্থীদের আরও ভালোভাবে গড়ে তুলতে পারবেন।
শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্বপ্রাপ্তদের কঠোর ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, চেয়ারম্যান সবসময় উপস্থিত না থাকলেও অধ্যক্ষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি শিক্ষক প্রতিনিধি ও পরিচালনা পরিষদের সদস্যদেরও নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কাছে শিক্ষকরা আদর্শ ব্যক্তিত্ব। তাই নিজেদের অবস্থান ধরে রেখে দায়িত্বশীল আচরণ করতে হবে। শিক্ষার মান উন্নয়ন ও শৃঙ্খলা বজায় রাখার মধ্য দিয়েই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান ডিএসসিসি প্রশাসক।
ভিওডি বাংলা/জা







