লন্ডনে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে রাশিয়া

যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টার ব্রিজে হামলা চালানোর আহ্বান জানিয়েছেন রাশিয়ার শীর্ষ কর্মকর্তা ও সাধারণ নাগরিকরা। ব্রিটিশ গণমাধ্যম দ্য মিরর মঙ্গলবার এই তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার দখলে থাকা একটি কৌশলগত সেতু ধ্বংস করেছে ইউক্রেন। সেতুটি ধ্বংস করতে ব্যবহার করা হয়েছে ব্রিটেন সরবরাহকৃত ম্যালয় টি-১৫০ হেভি-লিফট ড্রোন। এই তথ্য ফাঁস হওয়ার পর রাশিয়ার কর্মকর্তারা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ওয়েস্টমিনস্টার ব্রিজ লক্ষ্য করে হামলার নির্দেশ দেওয়ার আহ্বান জানান।
গত বছরের মার্চে দিনিপ্রো নদীর উপনদী কঙ্কা এর উপর অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সেতু ইউক্রেনীয় বাহিনী ধ্বংস করে। সম্প্রতি এই ঘটনা প্রকাশিত হওয়ার পর রাশিয়ার নাগরিক ও উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।
রুশ রাষ্ট্রীয় গণমাধ্যমের বিশেষজ্ঞ ভ্লাদিমির কর্নিলভ বলেন, “ব্রিটিশরা রুশ ভূখণ্ডে নাশকতামূলক কর্মকাণ্ডে সরাসরি অংশগ্রহণ নিয়ে প্রকাশ্যে দম্ভ করছে। এখনই সময় রুশ ক্ষেপণাস্ত্র দিয়ে লন্ডনের গুরুত্বপূর্ণ ওয়েস্টমিনস্টার ব্রিজটি ধ্বংস করার। প্রয়োজনে হুথি বা ইরানিদের দিয়ে হামলা চালানো হবে।”
একই সময়ে, হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা একটি প্রস্তাবের ওপর রাশিয়া ও চীনের ভেটো কার্যকর হয়েছে। মঙ্গলবার এই প্রস্তাবটি নিরাপত্তা পরিষদে আনা হয়। ভোটের ফলাফলে ১১টি দেশ পক্ষে, ২টি বিপক্ষে এবং বাকি ২টি দেশ ভোটে অংশ নেয়নি।
ভিওডি বাংলা/এমএস







