এবার ডিএসসিসির পহেলা বৈশাখ উদযাপন আহসান মঞ্জিলে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপনের অনুষ্ঠান এবার নগর ভবনের পরিবর্তে ঐতিহাসিক আহসান মঞ্জিলে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার রাজধানীর নগর ভবনে পহেলা বৈশাখ উপলক্ষে সার্বিক প্রস্তুতি নিশ্চিত করতে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উৎসবমুখর পরিবেশে নিরাপদ ও সুশৃঙ্খলভাবে নববর্ষ উদযাপনে সংশ্লিষ্ট সব বিভাগকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম।
সভায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে আহসান মঞ্জিলে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের প্রস্তাব দেন কর্মকর্তারা। প্রস্তাবটির প্রতি সম্মতি জানিয়ে প্রশাসক প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দেন।
নববর্ষ উপলক্ষে অতিথি আপ্যায়নের বিষয়েও সভায় আলোচনা হয়। ঐতিহ্যবাহী পান্তা–ইলিশ পরিবেশনের বিষয়টি উঠলেও ইলিশ ধরা নিষিদ্ধ থাকায় বিকল্প হিসেবে বিভিন্ন ধরনের ভর্তা ও দেশীয় খাবারের আয়োজনের প্রস্তাব করা হয় এবং সংশ্লিষ্টদের এ বিষয়ে প্রস্তুতি নিতে বলা হয়েছে।
এ ছাড়া জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে অনুষ্ঠানস্থলে মঞ্চ নির্মাণ ও সাজসজ্জায় সংযমী পরিকল্পনা গ্রহণের কথা জানানো হয়। তবে সীমিত আয়োজনের মধ্যেও উৎসবের আমেজ বজায় রেখে অনুষ্ঠান সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় ডিএসসিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তারা পহেলা বৈশাখ উপলক্ষে গৃহীত প্রস্তুতি ও কর্মপরিকল্পনা উপস্থাপন করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে সব কার্যক্রম সম্পন্ন করার আশ্বাস দেন।
একই সঙ্গে ডিএসসিসির সব বিভাগের কর্মকর্তা ও ১ থেকে ১০ অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করার বিষয়টিও জানানো হয়।
ভিওডি বাংলা/এসআর







