র্যাবের ৯০ দিনের সফলতা শোনালেন ৭ দিন আগে যোগ দেওয়া ডিজি

গত ২৮ মার্চ র্যাব ফোর্সেসের মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেন অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ। এর এক সপ্তাহ পর সোমবার (৫ এপ্রিল) তিনি ঢাকার সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়ে একটি মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করেন।
সভার সময় র্যাব প্রধান গত তিন মাস বা ৯০ দিনের মধ্যে বাহিনীর অর্জিত সফলতা ও কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন।
তিনি জানান, গত তিন মাসে অস্ত্র সংক্রান্ত অভিযানে ৩৩১টি অস্ত্র উদ্ধার এবং ১০৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। উল্লেখযোগ্য অভিযান হিসেবে তিনি চাঁপাইনবাবগঞ্জে ৮ ফেব্রুয়ারি, সিরাজগঞ্জের সলঙ্গা থানার এলাকায় ৯ মার্চ, মুন্সিগঞ্জের শ্রীনগরে ১০ মার্চ এবং রাজধানীর রূপনগর এলাকায় ২৭ মার্চ পরিচালিত অভিযানগুলোকে তুলে ধরেন।

ডিজি আরও জানান, চট্টগ্রামের সীতাকুন্ড থানার জঙ্গল সলিমপুরে অভিযান চলাকালীন সন্ত্রাসীদের হামলায় র্যাব সদস্য ডিএডি মোতালেব হোসেন নিহত হন। পরবর্তীতে এ ঘটনায় ২৯ জনকে আসামি করে র্যাব একটি মামলা দায়ের করে। ৯ মার্চ সেখানে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়।
এছাড়াও, গত ৯০ দিনে হত্যা সংক্রান্ত মামলায় ৪৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখযোগ্য অভিযানের মধ্যে রয়েছে ঝিনাইদহ সদর থানার ৮ মার্চ এবং মাদারীপুর সদর থানার ২১ মার্চ পরিচালিত অভিযান।
গত তিন মাসে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণের ঘটনায় ১৭৫ জন, ছিনতাইকারী ৬১ জন, ডাকাত ১০৬ জন, মানবপাচারকারী ২৬ জনসহ ওয়ারেন্টভুক্ত আসামী এবং পর্নোগ্রাফি মামলায় ৩৪৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি মাদকবিরোধী অভিযানে ১১১৫ জনকে আটক করা হয়েছে।
তিনি বলেন, “জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বিভিন্ন অপরাধে জড়িত প্রায় সাড়ে ৩ হাজার জনকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে।”
নতুন ডিজি দায়িত্ব গ্রহণের পর প্রথমবার সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে কেনো পুরনো তিন মাসের পরিসংখ্যান তুলে ধরলেন—এই কৌশল নিয়ে অপরাধ বিষয়ক প্রতিবেদকরা আলোচনা করছেন।
ভিওডি বাংলা/আরআর/এমএস







