বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন আজ

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে সঙ্গে দুপুর সোয়া ১২ টার দিকে সংবাদ সম্মেলন করবেন।
আজ রোববার (৫ এপ্রিল) সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের জনসংযোগ কর্মকর্তা আফসানা মিমির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
এরআগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে ‘মঙ্গল শোভাযাত্রা’র পরিবর্তে ‘আনন্দ শোভাযাত্রা’ নামই বহাল থাকছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছর নেওয়া এ সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। ফলে এবারও ‘আনন্দ শোভাযাত্রা’ নামেই পহেলা বৈশাখ উদযাপিত হবে।
গত মঙ্গলবার (৩১ মার্চ) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন-এ অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
সভায় জানানো হয়, বাংলা নববর্ষ-১৪৩৩ উপলক্ষে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে ১ বৈশাখ সকাল ৯টায় চারুকলা অনুষদ থেকে ‘আনন্দ শোভাযাত্রা’ বের হবে।
শোভাযাত্রাটি রাজু ভাস্কর্য, দোয়েল চত্বর ও বাংলা একাডেমি হয়ে পুনরায় চারুকলা অনুষদে এসে শেষ হবে।
নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে বেশ কিছু নির্দেশনা জারি করা হয়েছে।
ভিওডি বাংলা/এসআর







