দেশকে স্বনির্ভর করা আমাদের অঙ্গীকার: পানি সম্পদ মন্ত্রী

দেশকে স্বনির্ভর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
শনিবার (৪ এপ্রিল) লক্ষ্মীপুর জেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার। স্বনির্ভরতা অর্জনের জন্য সরকার খাল খনন ও পুনঃখনন কর্মসূচি শুরু করেছে। নদী-খাল খনন, মৎস্য ও পশুপালন, কৃষিভিত্তিক এলাকার উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর দূরদর্শিতা ছিল। জিয়ার অসমাপ্ত কাজ সমাপ্ত করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।”
মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মন্ত্রী আরও জানান, “বর্তমান সরকার কৃষক, শ্রমিক ও জেলেবান্ধব। নদীতে মৎস্য আহরণ নিষিদ্ধকালীন সময় আগের তুলনায় বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দায়িত্ব গ্রহণের পর থেকেই জনগণের পাশে থেকে জনগণের প্রতি প্রতিশ্রুতি বাস্তবায়িত করছেন।”
এ্যানি চৌধুরী বলেন, “জনগুরুত্বপূর্ণ ও দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে সরকার কাজ করছে। পাইলটিং হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে এবং পরবর্তী ধাপে সারাদেশে বিতরণ করা হবে। পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ করা হবে। জনকল্যাণে সরকার ধাপে ধাপে সকল কার্যক্রম সম্পন্ন করবে।”
অনুষ্ঠানে জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন লক্ষীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, লক্ষীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক জিয়া হায়দার চৌধুরী, লক্ষীপুর জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, পুলিশ সুপার মোঃ আবু তারেক প্রমুখ।
ভিওডি বাংলা/সবুজ/এমএস







