• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মন্ত্রী দেখাচ্ছেন আশার আলো, প্রবাসীরা দেখছেন অন্ধকার

নিজস্ব প্রতিবেদক    ৪ এপ্রিল ২০২৬, ০২:৪৪ পি.এম.
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান: ছবি-ভিওডি বাংলা

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে নতুন আশঙ্কা তৈরি হয়েছে বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের উপার্জনে। এ অবস্থায় প্রবাসীরা অন্ধকার দেখলেও আশার আলো দেখাচ্ছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী।

দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি রেমিট্যান্স প্রবাহে বিঘ্ন সৃষ্টি হলে নাজুক হয়ে পড়বে অর্থনীতি, চাপ বাড়বে রিজার্ভে।  যুদ্ধ দীর্ঘায়িত হলে মধ্যপ্রাচ্য প্রবাসীদের চাকরি হারানো ও দেশে ফিরে আসার ঝুঁকি বাড়বে।  

বৈশ্বিক সংকটময় এই সময়ে প্রবাসী আয় বা রেমিট্যান্সে বাংলাদেশ যে আশার আলো দেখছিলো  গত মাস পর্যন্ত, সেই আলোটুকুও এবার নিভতে বসেছে।  

যদিও মধ্যপ্রাচ্যের চলমান ভূ-রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধের মধ্যেও দেশের রেমিট্যান্স প্রবাহ এখনো শক্তিশালী অবস্থানে রয়েছে।  রমজান ও ঈদুল ফিতরের কারণে মার্চ মাসে রেকর্ড ৩৭৫ কোটি ডলারের বেশি রেমিট্যান্স এসেছে, যা অর্থনীতির জন্য স্বস্তির। 

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খানের সঙ্গে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে, বিশেষ করে জ্বালানি সংকটের প্রভাবে উৎপাদনে কিছুটা প্রভাব পড়েছে।  তবে এখনো বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি রেমিট্যান্স বা প্রবাসী আয়ে উল্লেখযোগ্য কোনো নেতিবাচক প্রভাব দেখা যায়নি।  তবে যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে রেমিট্যান্সের ওপর প্রভাব পড়তে পারে। 

বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে রেমিট্যান্সে উল্লেখযোগ্য পতনের ঝুঁকি তৈরি হতে পারে। 

সরকার বলছে, সংঘাতের কারণে কিছুটা প্রভাব পড়া স্বাভাবিক হলেও রেমিট্যান্সযোদ্ধাদের জন্য নানান উদ্যোগ নেওয়া হয়েছে, যার সুফল দৃশ্যমান হবে শিগগির।

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি এবং বৈদেশিক মুদ্রার দ্বিতীয় বৃহত্তম উৎস।  এর বড় অংশই আসে মধ্যপ্রাচ্য থেকে।

২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে জিডিপি প্রবৃদ্ধি ও অর্থনৈতিক স্থিতিশীলতায়। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) এসেছে ২৬ দশমিক ২০ বিলিয়ন ডলার, অর্থবছর শেষে এ হার আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

অর্থনীতিবিদরা সতর্ক করে বলছেন, সদ্য বিদায়ী মার্চ মাসে রেকর্ড ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এলেও যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর উৎপাদনে বড় ধরনের ধস নামতে পারে।  এরই মধ্যে অনেক শ্রমিক বাইরে যেতে পারছেন না।  এ অবস্থা চলতে থাকলে ছাঁটাই করে তাদের দেশে ফেরত পাঠানোর আশঙ্কা রয়েছে।

করোনাভাইরাস মহামারির সময়ও এমন পরিস্থিতি দেখা গিয়েছিল, অনেক শ্রমিক বাধ্যতামূলক ছুটিতে দেশে ফিরে আসেন। এতে ২০২০-২১ অর্থবছরে সাময়িকভাবে রেমিট্যান্স বাড়লেও পরবর্তী সময়ে তা কমে যায় এবং বেকারত্ব বাড়ে।

অর্থনীতিবিদদের মতে, এবারও যুদ্ধ দীর্ঘ হলে একই ধরনের প্রভাব পড়তে পারে। মার্চে ঈদুল ফিতরের কারণে প্রবাসীরা বেশি অর্থ পাঠিয়েছেন, তবে বর্তমানে অনেকেই কাজে যেতে পারছেন না।  কাজ বন্ধ থাকলে বেতনও বন্ধ হতে পারে, এমনকি একসময় দেশে ফেরত পাঠানোর ঝুঁকিও তৈরি হতে পারে।  যদিও সবার প্রত্যাশা, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসবে। এরই মধ্যে সংঘাতে ও হামলায় অতিরিক্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠা ইরানসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ থেকে ইতোমধ্যেই বেশ কিছু প্রবাসী দেশে ফিরে এসেছেন সরকারের সহযোগিতায়। 

এক অনুষ্ঠানে সম্প্রতি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে রেমিট্যান্সে স্বাভাবিকভাবেই কিছুটা প্রভাব পড়তে পারে। তবে সরকার প্রবাসীকর্মীদের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে, যা শিগগির দৃশ্যমান হবে। এর সুফল সাধারণ মানুষও অচিরেই দেখবে।

মন্ত্রী জানান, প্রবাসীদের জন্য বন্ধ থাকা বাজারগুলো পুনরায় চালু করার চেষ্টা চলছে। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং রমজানের কারণে এই কাজ কিছুটা মন্থর।  আশা করছি আগামী মাস (এপ্রিল) থেকে এই প্রক্রিয়ায় আরও গতি আসবে।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, কুয়েত, বাহরাইন ও জর্ডান থেকে। 

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৮ মাসে (জুলাই-ফেব্রুয়ারি) সৌদি আরব থেকে রেমিট্যান্স এসেছে ৩৫০ কোটি ৫৬ লাখ ডলার।

এর আগে, ২০২৪-২৫ অর্থবছরে সৌদি আর থেকে এসেছিল ৪২৬ কোটি ৪৩ লাখ ডলার, ২০২৩-২৪ অর্থবছরে আসে ২৭৪ কোটি ১৪ লাখ ডলার। এছাড়া ২০২২-২৩ অর্থবছরে ৩৭৬ কোটি ৫৩ লাখ ডলার, ২০২১-২২ অর্থবছরে এসেছিল ৪৫৪ কোটি ২০ লাখ ডলার এবং ২০২০-২১ অর্থবছরে এসেছিল ৫৭২ কোটি ১৪ লাখ ডলার।

চলতি ২০২৫-২৬ অর্থবছেরের প্রথম ৮ মাসে (জুলাই-ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাত থেকে রেমিট্যান্স এসেছে ২৮২ কোটি ১৫ লাখ ডলার। দেশটি থেকে গত ২০২৪-২৫ অর্থবছরে এসেছিল ৪১৬ কোটি ৭৯ লাখ ডলার, ২০২৩-২৪ অর্থবছরে ৪৫৯ কোটি ৭৭ লাখ ডলার, ২০২২-২৩ অর্থবছরে ৩০৩ কোটি ৩৮ লাখ ডলার আসে। এর আগে ২০২১-২২ অর্থবছরে এসেছিল ২০৭ কোটি ১৮ লাখ ডলার এবং ২০২০-২১ অর্থবছরে এসেছিল ২৪৪ কোটি ডলার।

ওমান থেকে চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে (জুলাই-ফেব্রুয়ারি) এসেছে ১৩০ কোটি ৯৬ লাখ ডলারের রেমিট্যান্স। গত ২০২৪-২৫ অর্থবছরে এসেছিল ১৬৩ কোটি ৪৭ লাখ ডলার, ২০২৩-২৪ অর্থবছরে ১১২ কোটি ২০ লাখ ডলার, ২০২২-২৩ অর্থবছরে ৭৯ কোটি ৬০ লাখ ডলার, ২০২১-২২ অর্থবছরে এসেছিল ৮৯ কোটি ৭৪ লাখ ডলার এবং ২০২০-২১ অর্থবছরে আসে ১৫৩ কোটি ৫৬ লাখ ডলার।

চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে (জুলাই-ফেব্রুয়ারি) কাতার থেকে ১০০ কোটি ৪১ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে দেশে। গত ২০২৪-২৫ অর্থবছরে এসেছিল ১২০ কোটি ৫৩ লাখ ডলার, ২০২৩-২৪ অর্থবছরে ১১৫ কোটি ডলার, ২০২২-২৩ অর্থবছরে ১৪৫ কোটি ২৭ লাখ ডলার রেমিট্যান্স আসে। এছাড়া ২০২১-২২ অর্থবছরে আসে ১৩৪ কোটি ৬৫ লাখ ডলার এবং ২০২০-২১ অর্থবছরে ১৪৫ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স আসে।

কুয়েত থেকে চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে (জুলাই-ফেব্রুয়ারি) ১১২ কোটি ৩৭ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। যা গত ২০২৪-২৫ অর্থবছরে ছিল ১৬২ কোটি ৩৬ লাখ ডলার। এছাড়া ২০২৩-২৪ অর্থবছরে ১৪৯ কোটি ৬৭ লাখ ডলার, ২০২২-২৩ অর্থবছরে ১৫৫ কোটি ৫৩ লাখ ডলার, ২০২১-২২ অর্থবছরে ১৬৮ কোটি ৯৬ লাখ ডলার এবং ২০২০-২১ অর্থবছরে আসে ১৮৮ কোটি ৬৫ লাখ ডলার।

বাহরাইন থেকে চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে (জুলাই-ফেব্রুয়ারি) এসেছে ৫৫ কোটি ডলারের রেমিট্যান্স। গত ২০২৪-২৫ অর্থবছরে যা এসেছিল ৭৬ কোটি ১১ লাখ ডলার। এছাড়া ২০২৩-২৪ অর্থবছরে ৬৩ কোটি ৯২ লাখ ডলার, ২০২২-২৩ অর্থবছরে ৫২ কোটি ৮৩ লাখ ডলার, ২০২১-২২ অর্থবছরে ৫৬ কোটি ৬৫ লাখ ডলার এবং ২০২০-২১ অর্থবছরে ৫৭ কোটি ৭৭ লাখ ডলারের রেমিট্যান্স আসে।

একইভাবে জর্ডান থেকে চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে (জুলাই-ফেব্রুয়ারি) এসেছে ১৩ কোটি ৮৭ লাখ ডলারের রেমিট্যান্স। গত ২০২৪-২৫ অর্থবছরে এসেছিল ১৬ কোটি ৮২ লাখ ডলার, ২০২৩-২৪ অর্থবছরে ১৩ কোটি ৩৩ লাখ ডলার, ২০২২-২৩ অর্থবছরে ১২ কোটি ৭৯ লাখ ডলার আসে। এর আগে ২০২১-২২ অর্থবছরে এসেছিল ১৪ কোটি ৩২ লাখ ডলার এবং ২০২০-২১ অর্থবছরে আসে ১৭ কোটি ৯০ লাখ ডলার।

অভিবাসন বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদদের মতে, মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে জ্বালানি সংকট তীব্র হতে পারে। পাশাপাশি হরমুজ প্রণালির কারণে তেল-গ্যাস সরবরাহ এরই মধ্যে ব্যাহত হচ্ছে। এতে বিশ্বজুড়ে, এমনকি মধ্যপ্রাচ্যেও শিল্প উৎপাদন ক্ষতিগ্রস্ত হতে পারে।

বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, কোরবানির ঈদে সাময়িকভাবে রেমিট্যান্স বাড়তে পারে, কিন্তু তা যুদ্ধ পরিস্থিতির ওপর নির্ভর করবে। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে উৎপাদন ব্যাহত হওয়ার ঝুঁকিও রয়েছে, যা সামগ্রিকভাবে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। 

অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনীরের ভাষ্য, চলমান যুদ্ধের কারণে রেমিট্যান্সে সাময়িক প্রভাব পড়তে পারে, তবে এটি দীর্ঘমেয়াদি হবে না।  প্রবাসীরা সাধারণত অস্থায়ীভাবে বিদেশে থাকেন এবং দেশে পরিবার থাকায় নিয়মিত টাকা পাঠানোর চেষ্টা করেন।  যদিও কিছু অর্থ অনানুষ্ঠানিক পথে আসে, মোট রেমিট্যান্সে বড় পরিবর্তন হবে না।

ভিওডি বাংলা/আরআর/ আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচনের আগে ঢাকায় নতুন ভোটার তালিকার দাবি আবদুস সালামের
নির্বাচনের আগে ঢাকায় নতুন ভোটার তালিকার দাবি আবদুস সালামের
ঢাকায় শুরু ৬ষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস
ঢাকায় শুরু ৬ষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস
৩ মাস পর বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ
৩ মাস পর বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ