আফগানিস্তানে ৫.৯ মাত্রার ভূমিকম্পে নিহত ৮

আফগানিস্তানে আঘাত হানা ৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত আটজন নিহত হয়েছেন। দেশটির রাজধানী কাবুলে একটি বসতবাড়ি ধসে পড়ে এই প্রাণহানির ঘটনা ঘটে। একই ঘটনায় একটি শিশু আহত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শুক্রবার (৩ এপ্রিল) স্থানীয় সময় রাত ৯টা ১৩ মিনিটে হিন্দুকুশ পর্বতাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। জার্মান ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র (জিএফজেড) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১৭৭ কিলোমিটার গভীরে। গভীরতায় উৎপন্ন হলেও এর কম্পন ব্যাপক এলাকায় অনুভূত হয়।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, কাবুলের একটি আবাসিক ভবন ধসে পড়ে আটজনের মৃত্যু হয়। হতাহতদের বিষয়ে আরও তথ্য সংগ্রহ চলছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে স্থানীয় প্রশাসন কাজ করছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পের কম্পন শুধু আফগানিস্তানেই সীমাবদ্ধ থাকেনি; পার্শ্ববর্তী দেশ পাকিস্তান ও ভারতের বিস্তীর্ণ অঞ্চলেও তা অনুভূত হয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ পাঞ্জাব, খাইবার পাখতুনখোয়া, গিলগিট-বাল্টিস্তান ও আজাদ জম্মু-কাশ্মির অঞ্চলে মানুষ আতঙ্কে ঘরবাড়ি থেকে বেরিয়ে আসে।
পাকিস্তানের আবহাওয়া বিভাগ (পিএমডি) প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ৬.১ বলে উল্লেখ করলেও পরবর্তীতে বিভিন্ন সংস্থার হিসাবে তা ভিন্নতা দেখা যায়। ভারতের রাজধানী নয়াদিল্লিসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।
ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে আফগানিস্তান দীর্ঘদিন ধরেই ঝুঁকির মধ্যে রয়েছে। দেশটির পূর্ব ও উত্তরাঞ্চল বিশেষ করে হিন্দুকুশ পর্বতশ্রেণি এলাকায় প্রায়ই ভূমিকম্পের উৎপত্তি ঘটে। বিশেষজ্ঞরা বলছেন, এই অঞ্চলটি ইউরেশিয়ান ও ভারতীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় ভূমিকম্পের ঝুঁকি বেশি।
ভিওডি বাংলা/জা







