ত্রয়োদশ জাতীয় সংসদের ‘সংসদ কমিটি’র ২য় বৈঠক অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের ‘সংসদ কমিটি’র দ্বিতীয় বৈঠক আজ কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে কমিটির সদস্য রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মোহাম্মদ কয়ছর আহমেদ, মোঃ শহিদুল ইসলাম, নায়ার ইউসুফ আহমেদ, এস. এম. জাহাঙ্গীর হোসেন, মোঃ অলি উল্লাহ, মোঃ সাইফুল আলম ও মোঃ আবুল হাসনাত অংশগ্রহণ করেন।
বৈঠকে মানিক মিয়া অ্যাভিনিউ এবং নাখালপাড়ায় অবস্থিত সংসদ সদস্য ভবনসমূহের সংস্কার ও মেরামতের অগ্রগতি, শেরে-ই-বাংলা নগরে অবস্থিত এমপি হোস্টেলের ১৫৬টি অফিস কক্ষের বরাদ্দ ও সংস্কার, সংসদ সদস্যদের জরুরি প্রয়োজনে ২৪ ঘণ্টা চিকিৎসা সেবা নিশ্চিতকরণের জন্য জাতীয় সংসদ মেডিকেল সেন্টারে পর্যাপ্ত বিশেষজ্ঞ ডাক্তার ও মেডিকেল অফিসার পদায়ন, মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়ার ফ্ল্যাটগুলিতে ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ এবং ভবনগুলোর জনবল পূর্বের রেওয়াজ অনুযায়ী পদায়ন বিষয়ে আলোচনা করা হয়।
সদস্য রকিবুল ইসলামকে সংসদ অধিবেশন কক্ষের সাউন্ড সিস্টেমের সমস্যার সমাধান দেখার জন্য এবং নায়ার ইউসুফ আহমেদকে সংসদ ভবনের ক্যান্টিনের খাবারের মান যাচাই, সরবরাহ লাইনের পানির মান পরীক্ষা ও সংসদ সদস্য ভবনের আসবাবপত্রের গুণগত মান যাচাইয়ের জন্য দুটি সাব কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বৈঠকে নির্দেশ দেওয়া হয়, সংসদ সদস্য ভবনের প্রয়োজনীয় আসবাবপত্র ক্রয়ের ক্ষেত্রে পূর্বের স্বৈরাচার আমলের বালিশ, পর্দা ও ছাগল কাণ্ড যেন পুনরাবৃত্তি না ঘটে। একইসাথে প্রতিটি আসবাবপত্রের গুণগত মান ও ক্রয়মূল্য যুক্তিসংগত রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়।
কমিটি সিদ্ধান্তে এসেছে, সংসদ সদস্য ভবনের বাসাগুলি আগামী ১০ তারিখের মধ্যে বরাদ্দ প্রদানের লক্ষ্যে দ্রুত কাজ সম্পন্ন করতে।
বৈঠকে সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, সার্জেন্ট-অ্যাট-আর্মস, অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/এমএস







