টপ নিউজ
বরগুনায় জ্বালানি সংকট জেলা প্রশাসনের নজরদারি জোরদার
বরগুনা প্রতিনিধি
২৭ মার্চ ২০২৬, ০৫:৪৩ পি.এম.

ছবি-ভিওডি বাংলা
বরগুনায় জ্বালানি তেলের সরবরাহ নিয়ে সৃষ্ট সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও পরিবহন খাত সংশ্লিষ্টরা। ফিলিং স্টেশনগুলোতে সীমিত সরবরাহের কারণে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে ভোক্তাদের, ফলে জনজীবনে অস্বস্তি বাড়ছে।
এ পরিস্থিতিতে বিপণন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে মাঠে নেমেছে জেলা প্রশাসন। ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি সরবরাহ ও বিক্রয় কার্যক্রমে অনিয়ম ঠেকাতে জোরদার করা হয়েছে নজরদারি।
বরগুনার বিভিন্ন ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনার অংশ হিসেবে তদারকি কার্যক্রম চালান জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম। এ সময় তিনি সরেজমিনে জ্বালানি বিতরণ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
তিনি বলেন, জ্বালানি তেলের প্রকৃত কোনো ঘাটতি নেই, মূলত গুজবের কারণে সংকটের পরিস্থিতি তৈরি হচ্ছে। এ ধরনের গুজব প্রতিরোধ এবং স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে জেলা প্রশাসন সক্রিয়ভাবে কাজ করছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত দামে জ্বালানি বিক্রির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ফিলিং স্টেশনগুলোকে নির্ধারিত নিয়ম মেনে স্বচ্ছভাবে জ্বালানি বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে, প্রশাসনের এমন তদারকি কার্যক্রমে কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা করছেন সাধারণ ভোক্তা ও পরিবহন সংশ্লিষ্টরা। তবে দ্রুত স্বাভাবিক সরবরাহ নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা।
ভিওডি বাংলা-জাহিদুল ইসলাম মেহেদী/জা







