স্বরাষ্ট্রমন্ত্রী:
হাদি হত্যার আসামিদের ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে

ভারতে পলাতক ওসমান হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফিরিয়ে আনতে সরকারের প্রচেষ্টা চলমান রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বন্দি বিনিময় চুক্তির আওতায় তাদের বাংলাদেশে আনার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, হাদি হত্যা মামলার আসামিদের প্রত্যর্পণের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে ইতোমধ্যে আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়েছে। ভারত সরকারের সঙ্গে এ বিষয়ে প্রয়োজনীয় যোগাযোগ অব্যাহত রয়েছে এবং চুক্তি অনুযায়ী তাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান আছে।
স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের কালোরাতে রাজারবাগ পুলিশ লাইন্সে প্রথম গণহত্যা সংঘটিত হয়। সেই ঘটনার ধারাবাহিকতায় স্বাধীনতার ঘোষণা আসে। তৎকালীন মেজর জিয়াউর রহমান চট্টগ্রামে বিদ্রোহ ঘোষণা করেন এবং ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে আন্তর্জাতিক সমর্থন কামনা করেন।
তিনি আরও বলেন, রাজারবাগের পুলিশ সদস্যদের আত্মত্যাগের মধ্যদিয়েই মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল। তাদের এই ত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীর অবদানও স্মরণ করেন।
ভিওডি বাংলা/জা







