• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২৪ মার্চ ২০২৬, ০১:০৮ পি.এম.
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-ছবি: সংগৃহীত

দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে রাষ্ট্রীয় কাঠামোয় স্থায়ী করার জন্য বড় পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে। বিশেষ করে আন্দোলনে অংশগ্রহণকারী ‘জুলাই যোদ্ধাদের’ আইনি সুরক্ষা বা দায়মুক্তি (ইনডেমনিটি) প্রদান এবং পূর্ববর্তী সরকারের সময়ে রাজনৈতিক কারণে দেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছে।

মঙ্গলবার (২৪ মার্চ) জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত বিশেষ কমিটির প্রথম বৈঠকে প্রবেশ করার আগে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের সঙ্গে এসব বিষয় নিয়ে কথা বলেন।

মন্ত্রী বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা এবং ছাত্র-জনতার আকাঙ্ক্ষাকে মাথায় রেখে সরকার যাবতীয় পদক্ষেপ গ্রহণ করবে। যারা এই আন্দোলনে বীরত্বের সঙ্গে অংশ নিয়েছেন, তাদের জন্য যে ইনডেমনিটি বা দায়মুক্তি দেওয়া হয়েছিল, তা সরকার স্বীকৃতি দেবে। আমরা তাদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে অভিহিত করব।”

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে তিনি জানান, সংসদীয় নিয়ম অনুযায়ী ৩০ কার্যদিবসের মধ্যে এসব অধ্যাদেশের চূড়ান্ত সুরাহা করতে হবে। ইতোমধ্যে ১৫ দিন পেরিয়ে গেছে এবং বাকি ১৫ দিনের মধ্যে প্রতিটি ক্ষেত্রে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্ত্রী আরও জানান, পূর্ববর্তী সরকারের সময়ে বিতর্কিত সব প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের বিষয়ে জনগণের দাবিকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বৈঠকে অংশ নেওয়া জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির মো. মুজিবুর রহমান বলেন, “জুলাইয়ের জন-আকাঙ্ক্ষার সঙ্গে সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দেব। তবে যদি কোনো অধ্যাদেশ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বা জনস্বার্থ বিরোধী হয়, আমরা আমাদের মতামত তুলে ধরব।”

সংসদে চলমান বৈঠকে সরকারি ও বিরোধী দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। আশা করা হচ্ছে, বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জুলাই যোদ্ধাদের দায়মুক্তি এবং বিতর্কিত নামকরণ সংশোধনের বিষয়ে বড় ঘোষণা আসতে পারে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদ ছুটি শেষে সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী
ঈদ ছুটি শেষে সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী
জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ
জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ
ঈদ ছুটি শেষে ব্যাংক-অফিস-আদালত খুলছে আজ
ঈদ ছুটি শেষে ব্যাংক-অফিস-আদালত খুলছে আজ